ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হল থেকে আট ছাত্রকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এছাড়াও ছাত্রলীগের হল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সতর্ক করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার জসীমউদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেই হলে বিশৃঙ্খলাসৃষ্টিকারী করুক না কেন তার বিরুদ্ধে প্রমান সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এরই অংশ হিসেবে ছাত্রলীগের হল শাখার সভাপতি ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র মো. আব্দুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এনায়েত কাজীকে সতর্ক করে দেওয়া হয়েছে।"
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হলে নিজ নিজ সমর্থকগোষ্ঠী গড়ে তোলার সুষ্পষ্ট অভিযোগ রয়েছে। অবিলম্বে তাদের উচ্ছৃঙ্খল যুবকদের নামের তালিকা হল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
হল থেকে বহিষ্কারকৃতরা হলেন, নাট্যকলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোস্তফা আমীন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের মো. মেহেদী হাসান, ভাষাবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের মেহেদী হাসান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র লিটন মাহমুদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের এনামুল হক, ট্যুরিজম বিভাগের দ্বিতীয় বর্ষের আব্দুল্লাহ আল মাসুম এবং নাট্যকলা বিভাগের জাহিদ ও বাপ্পী।
হলে অননুমোদিতভাবে অবস্থান এবং সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।
সোমবার রাতে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হন। এ ঘটনায় সোমবার রাতেই আবাসিক শিক্ষক নাসিরউদ্দিন মুন্সীকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটিকে তিনদিন সময় দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএইচ/ ২২৩২ ঘ.
bdnews24