ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থক সাদা দলের শিক্ষকদের বর্জনের মধ্যেই রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'কালো দিবস'র অনুষ্ঠান হচ্ছে।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ছাত্র ও শিক্ষক নিপীড়ণের ঘটনার স্মরণে আয়োজিত ওই অনুষ্ঠানে আগস্টের ছাত্র বিক্ষোভ ও নিপীড়ণের পুনরায় তদন্ত দাবি করা হয়।
২০০৭ সালের এই দিনে সেনা ক্যাম্প সরানোর দাবিতে ক্যাম্পাসে সহিংস বিক্ষোভের পর কয়েকজন শিক্ষক ও ছাত্র গ্রেপ্তার হন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এ দিবসটিকে 'কালো দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।
রোববার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। শিক্ষকরা 'কালো দিবস' পালন কর্মসূচির অংশ হিসাবে কালো ব্যাজ পরেন।
সকাল ১১টায় টিএসসিতে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক (রেজিস্ট্রার) সৈয়দ রেজাউর রহমান কালো দিবসের অনুষ্ঠান পরিচালনা করতে গেলে ছাত্রলীগের কর্মীরা অনুষ্ঠান বর্জনের হুমকি দেয়।
এরপর উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সিদ্ধান্তে প্রক্টর অধ্যাপক সাইফুল ইসলাম খান অনুষ্ঠান পরিচালনা শুরু করেন।
তখন সাদা দলের শিক্ষকরা সবাই অনুষ্ঠান বয়কট করে চলে যান।
বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী নিবন্ধক যে কোনও অনুষ্ঠান পরিচালনা করেন। নিবন্ধক রেজাউর সাদা দলের শিক্ষক বলে ছাত্রলীগ তার বিষয়ে আপত্তি জানায়।
অনুষ্ঠান বর্জনের পর সাদা দলের শিক্ষক অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম সাংবাদিকদের বলেন, "নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব অনুষ্ঠান রেজিস্ট্রার পরিচালনা করে।
"কিন্তু রেজিস্ট্রারকে সাদা দলের শিক্ষক অভিহিত করে প্রক্টরকে দিয়ে অনুষ্ঠান পরিচালনা করানো হচ্ছে। অথচ এখানে আমরা সবাই উপস্থিত হয়েছে রেজিস্ট্রারের চিঠির পরিপ্রেক্ষিতেই।"
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক, প্রো-উপাচার্য অধ্যাপক হারুনুর রশীদ, কোষাধ্যক্ষ মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও ছাত্ররা উপস্থিত রয়েছেন।
অনুষ্ঠানে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৩ আগস্টের ঘটনার পরিপ্রেক্ষিতে যে তদন্ত করা হয়েছে তাতে এর মূল উদঘাটন হয়নি।
পুনঃতদন্তের জন্য নতুন তদন্ত কমিটি গঠনেরও দাবি জানান তিনি।
অধ্যাপক সিরাজুল বলেন, "নতুন তদন্ত করে এ ঘটনায় দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে হবে। প্রয়োজনে এর জন্য নতুন তদন্ত কমিটি গঠন করতে হবে।"
শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি ইতোমধ্যে আগস্টের ঘটনা পুনঃতদন্তের উদ্যোগ নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/এমআই/১৪১০ ঘ.
bdnews24