২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগস্ট বিক্ষোভের প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি রাবি শিক্ষকদের

২০০৭ সালের আগস্টে ছাত্র বিক্ষোভের ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক। ছাত্র-শিক্ষকদের নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের দাবিও জানান তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 09:15 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৭ সালের আগস্টে ছাত্র বিক্ষোভের ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক। ছাত্র-শিক্ষকদের নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের দাবিও জানান তারা। ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ 'ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস' হিসেবে পালন করবে। বিক্ষোভের ঘটনায় করা মামলায় এ তিন শিক্ষক- ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় ভৌমিক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস ও সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের দুই বছরের সাজা হয়েছিল। এরা ছাড়াও গণযোগাযোগ বিভাগের আরেক শিক্ষক সেলিম রেজা নিউটনকেও একই দণ্ড দেওয়া হয়েছিল। পরে রাষ্ট্রপতির আদেশে তারা মুক্তি পান। ২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের ঘটনার জের ধরে ২১ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল এবং ২২ আগস্ট বিক্ষোভের সময় এক রিক্সাচালক নিহতসহ শতাধিক আহত হয়। এ ঘটনায় পুলিশ, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) এবং বিশ্ববিদ্যালয়ের তখনকার রেজিস্ট্রার বাদি হয়ে আলাদা তিনটি মামলা করে। ওই মামলাগুলোতে বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকেও গ্রেপ্তার করা হয়। সাজাপ্রাপ্ত শিক্ষকরা বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেছেন। আগামি ২৭ আগস্ট আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে। আগস্টের ওই ছাত্র বিক্ষোভের তৃতীয় বর্ষপূর্তিতে অধ্যাপক মলয় ভৌমিক শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্যাতনের কারণে স্বাভাবিকভাবেই ওই আন্দোলন হয়েছে। আর এ আন্দোলনকে দমানোর জন্য নির্যাতনের আশ্রয় নেওয়া হয়েছিল। তবে এই নির্যাতনের মাত্রা '৭১ এর মাত্রাকে ছাড়িয়ে গিয়েছিল।" রাষ্ট্রপতির আদেশে মুক্তি চাননি দাবি করে অধ্যাপক ভৌমিক বলেন, "শিক্ষকরা না চাইলেও দণ্ড মওকুফ করা হয়েছে। কিন্তু তাদের অপরাধ রয়ে গেছে। ঢাবির শিক্ষকরা যেভাবে রায় পেয়েছে, আমরাও আপিলে তা পাবো বলে আশা করছি।" দিনটি শুধুমাত্র পালনের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রকৃতপক্ষে সেদিন কী ঘটেছিল, বিশ্ববিদ্যালয়ে এতো মানুষ কোথা থেকে এলো, কারা উস্কে দিল তা খুঁজে বের করার দাবি জানান তিনি। অপর সাজাপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক দুলাল বিশ্বাস বলেন, "বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসন ও মুক্তবুদ্ধি চর্চার উপর যে কোন হস্তক্ষেপে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রত্যেক শিক্ষকের প্রতিরোধ নৈতিক দায়িত্ব। রাবির চারজন শিক্ষক সব লাঞ্ছনা ও ভয়কে অতিক্রম করে সময়ের বিবেক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ওপর সামরিক বাহিনীর হস্তক্ষেপের প্রতিবাদ করেন।" ২১ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে জঙ্গিবাদ ও সামরিকবাদ বিরোধী দিবস হিসেবে পালনের দাবি জানিয়ে অধ্যাপক দুলাল বলেন, "২১ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে পালন করলে তা ভবিষ্যত প্রজন্মকে বিশ্ববিদ্যালয়ের উপর যেকোন ধরনের রাষ্ট্রীয় বা সামরিক হস্তক্ষেপে প্রতিবাদের প্রতীক হিসেবে অনুপ্রেরণা যোগাবে।" অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, "বিশ্ববিদ্যালয়ের নামের মধ্যে স্বাধীনতা কথাটি রয়ে গেছে। এখানে ছাত্রদের জন্য অনেক স্বাধীনতা দরকার। সরকারি কোন হস্তক্ষেপ না থাকলে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা ও পড়ালেখার উপযুক্ত পরিবেশ তৈরি হবে।" এদিকে আগস্টের ছাত্র বিক্ষোভে শিক্ষক-শিক্ষর্থীদের গ্রেপ্তার-নির্যাতন, বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ও স্বায়ত্বশাসনের ওপর সামরিক হস্তক্ষেপের প্রতিবাদ এবং ওই ঘটনায় দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে 'মুক্ত বিশ্ববিদ্যালয় আন্দোলন' নামে একটি সংগঠনের কর্মীরা শুক্রবার দুপুরে ক্যাম্পাসে শোভাযাত্রা ও সমাবেশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমআই/১৫২৪ ঘ.