২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডুয়েটে শিবিরের কার্যক্রম 'নিষিদ্ধ' করেছে ছাত্রলীগ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে ছাত্রলীগ। বুধবার ক্যাম্পাসের ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুম বলেন,"শিবির পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

গাজীপুর, আগস্ট ১৯, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে ছাত্রলীগ। বুধবার ক্যাম্পাসের ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুম বলেন,"শিবির পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে।" 'যে কোন মূল্যে' ক্যাম্পাসে ছাত্রশিবিরকে প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন তিনি। মঙ্গলবার রাতে ছাত্রলীগের হামলায় শিবিরের ১০ নেতা-কর্মী আহত হওয়ার পর বুধবার শিবির কর্মীরা ক্যাম্পাস ছেড়ে চলে যায়। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত পোস্টারের ওপর শিবির পরিচালিত অপটিমাম কোচিং সেন্টারের পোস্টার লাগানোর প্রতিবাদে ছাত্রলীগ কর্মীরা শিবির কর্মীদের ওপর হামলা করে। এতে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও কোচিং সেন্টারটির পরিচালকসহ ১০ জন আহত হয়। ছাত্রলীগ সংক্ষিপ্ত এক সমাবেশে ক্যাম্পাসে জামায়াতে ইসলামী সমর্থিত শিবিরের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। বুধবার দুপুরে ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন হলে হানা দিয়ে শিবিরের ৬/৭টি কক্ষ ভাংচুর করে। পরিস্থিতি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. এম সবদার আলী শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে বসলেও কোন সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়। উত্তেজনার কারণে ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। মঙ্গলবার রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের ধানসিঁড়ি ছাত্রাবাসে জয়দেবপুর থানা পুলিশ অভিযান চালায়। তবে কয়েকটি রড ও পাইপ ছাড়া উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি বলে ওসি আব্দুর রশিদ সাংবাদিকদের জানিয়েছেন। ডুয়েট শাখা শিবিরের সভাপতি মো: আসাদুল্লাহ বলেন, "ছাত্রলীগ ক্ষমতার জোরে মিথ্যা অভিযোগ এনে আমাদের ওপর ন্যক্কারজনক হামলা করেছে।" উপাচার্য অধ্যাপক ড. এম সবদার আলী অবশ্য দাবি করেন, ক্যাম্পাসের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসছে। যারা বাইরে আছে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচ/এসকে/২০৫২ঘ.