২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মেডিকেলে অনির্দিষ্টকালের ক্লাশ বর্জন শুরু

অধ্যক্ষের অপসারণ এবং একটি ছাত্রবাস ভাঙচূর ও ছাত্রলীগ কর্মীর ওপর হামলার বিচারের দাবিতে শনিবার থেকে রংপুর মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের ক্লাশ বর্জন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

রংপুর, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যক্ষের অপসারণ এবং একটি ছাত্রবাস ভাঙচূর ও ছাত্রলীগ কর্মীর ওপর হামলার বিচারের দাবিতে শনিবার থেকে রংপুর মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের ক্লাশ বর্জন শুরু হয়েছে। শনিবার সকালে ছাত্রলীগ কর্মীরা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিলে কেউ ক্লাশে যেতে পারেনি। ফলে কোনো ক্লাশ অনুষ্ঠিত হয়নি। তবে পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হয়েছে। কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি তামিম এবং সাধারণ সম্পাদক হিরন শুক্রবার রাতে ক্লাশ বর্জনের এই কর্মসূচি ঘোষণা করেন। ধাপ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসএম কিবরিয়া জানান, শুক্রবার জাতীয় শোক দিবস উপলক্ষে ক্যাম্পাসে ছাত্রলীগ একটি শোকর‌্যালি বের করে। র‌্যালিটি কলেজের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করার এক পর্যায়ে র‌্যালির কয়েকজন ছাত্র জিয়াউর রহমান ছাত্রবাসের ছাত্রলীগের দখলে থাকা ৪০৩ ও ৪০৫ নম্বর কক্ষে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ ঘটনায় ৫ ছাত্রলীগ কর্মী আহত হয়। তিনি বলেন, শনিবার সকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা রংপুর মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা অধ্যক্ষের অপসারণ ও জিয়া ছাত্রবাসে হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ক্লাশ বর্জন চলবে বলে ঘোষণা দেন। তারা হামলার জন্য ছাত্রলীগের মাসুদ গ্র"পের কর্মীদের দায়ী করে তাদের বিচার দাবি করেন। এদিকে মাসুদ গ্র"পের নেতা-কর্মীরা ক্লাশ বর্জনের বিপক্ষে অবস্থান নিলেও ছাত্রলীগের তামিম গ্র"পের কর্মীদের বাধায় তা সম্ভব হয়নি। এ ব্যাপারে ছাত্রলীগের সভাপতি তামিম ও যুগ্ন সম্পাদক কুতুব উদ্দিন অভিযোগ করে বলেন, রংপুর মেডিকেল কলেজের বিএনপি পন্থি অধ্যক্ষ অধ্যাপক আজিজুল ইসলাম সকল ঘটনার জন্য দায়ী। তাকে অপসারণ এবং হামলাকারীদের বিচার না করা পর্যন্ত ক্লাশ বর্জন চলবে। ছাত্রলীগের অপর অংশের নেতা মাসুদ নিজেদের নির্দোষ দাবি করে জানান, বিভিন্ন ছাত্র সংগঠন থেকে ছাত্রলীগে এসে যারা রাতারাতি ছাত্রলীগ হয়েছে তারা কলেজে অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে। কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঢাকা অবস্থান করছেন বলে জানান। উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুর রউফ বলেন, হোস্টেলে হামলাসহ সার্বিক বিষয়ে কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। সহিংস ঘটনা এড়াতে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৫ ঘ.