রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে আবারও চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার গভীর রাতে মন্নুজান হলে চুরির ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্রীরা রাতেই হল গেটে তালা ঝুলিয়ে দফায় দফায় বিক্ষোভ করে।
চুরির সঙ্গে জড়িত সন্দহে হলের দুই প্রহরীকে সাময়িক বরখাস্ত এবং পুলিশে সোপর্দ করা হয়েছে বলে মন্নুজান হলের প্রভোস্ট রেজিনা লাজ সাংবাদিকদের জানান।
এর আগে ১৮ জুন বেগম রোকেয়া ছাত্রী হলে চুরির ঘটনা ঘটে।
হলের ছাত্রীরা জানান, মঙ্গলবার রাত তিনটার দিকে হলের ২৬৯ নম্বর কক্ষ থেকে ফাতেমা, ৪৬৬ নম্বর কক্ষ থেকে মীনা মণ্ডল এবং ৪৭৮ নম্বর কক্ষ থেকে নাজমুন নাহারের তিনটি মোবাইল ফোন সেট, ৩৭৩, ৩৮৩ এবং ৪৬৫ নম্বর কক্ষ থেকে নগদ দুই হাজার টাকা ও কাগজপত্রসহ ৪/৫টি হাতব্যাগ চুরি যায়।
তাদের দাবি, হলের প্রহরী আসাদ ও আজিবর চুরির সঙ্গে জড়িত। তারা নিজেদের মধ্যে চুরির ব্যাপারে মোবাইল ফোনে কথা বলছিল। তাৎক্ষণিকভাবে আজিবরের মোবাইল ফোনের কল লিস্ট পরীক্ষা করে এর প্রমাণও মেলে।
ছাত্রীরা রাতেই তাদের শাস্তি ও বহিস্কার এবং ক্ষতি পূরণের দাবিতে হল গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করতে থাকে। বুধবার সকাল আটটার দিকে প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্য এবং হল প্রভোস্ট এসে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ছাত্রীরা তালা খুলে দেয়।
হলের ছাত্রী ফাতেমা, নাজমুন নাহার, মীনাসহ একাধিক ছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে বারবার চুরি হলেও তা বন্ধে প্রশাসন কোন উদ্যোগ নিচ্ছে না।
মন্নুজান হলের প্রভোস্ট রেজিনা লাজ জানান, ছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে দুই প্রহরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও তিনি জানান।
সহকারী প্রক্টর মুসতাক আহমেদ বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন থানায় জিডি করার বিষয়টি নিশ্চত করে বলেন, তদন্ত সাপেক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুই প্রহরী এখন তাদের হেফাজতে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১০ ঘ.
bdnews24