২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের পর ইবির হলে তল্লাশি, ৭ শিবির কর্মী গ্রেপ্তার

হল দখলকে কেন্দ্র করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের পর সোমবার ভোরে পুলিশ চারটি হলে অভিযান চালিয়ে সাত শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে। এরা হলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার শিবির সভাপতি মোস্তাফিজ, সেক্রেটারি জামি, জাকির, মোকাদ্দেস, নোমান, রউফ ও মহিউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 05:15 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

কুষ্টিয়া, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হল দখলকে কেন্দ্র করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের পর সোমবার ভোরে পুলিশ চারটি হলে অভিযান চালিয়ে সাত শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে। এরা হলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার শিবির সভাপতি মোস্তাফিজ, সেক্রেটারি জামি, জাকির, মোকাদ্দেস, নোমান, রউফ ও মহিউদ্দিন। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম জানান, ভোর সাড়ে চারটার দিকে পুলিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ জিয়াউর রহমান হল, সাদ্দাম হোসেন হল এবং লালনশাহ হলে তল্লাশি চালিয়ে সাতজনকে আটক করে। এসময় দুটি রামদা, দুটি ছুরি, গুলি ও একটি পাইপ গানও উদ্ধার করা হয়। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পুলিশ, র‌্যাবসহ আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সাত শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। ইবি ছাত্রলীগ শাখার সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান তুহিন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি একটি ঘরোয়া অনুষ্ঠানে যোগ দিতে সাদ্দাম হোসেন হলে গেলে শিবির কর্মীরা আমাদের ওপর অস্ত্রসহ অতর্কিত হামলা করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের সবাই মিলে হলের বাহিরে অবস্থান নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, এর আগে রোববার রাত সাড়ে নয়টার দিকে ছাত্রলীগ কর্মীরা ৫/৬শ' বহিরাগতসহ চারটি ছাত্র হলে ঢুকতে চাইলে ভেতরে অবস্থানরত ছাত্র শিবির কর্মীরা বাধা দেয়। এসময় উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। বাইরে থেকে ছাত্রলীগ এবং ভেতর থেকে শিবির কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ ছাড়া ছাত্রলীগ ২৫ রাউন্ডের মতো গুলি ছোঁড়ে। এসময় অন্তত ১২ জন আহত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ে চারটি ছাত্র এবং দুইটি ছাত্রী হল রয়েছে। ছাত্রদের চারটি হলই ইসলামী ছাত্র শিবিরের দখলে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এইচএ/১১৫০ ঘ.