কুষ্টিয়া, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হল দখল নিয়ে রোববার রাতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ বেধে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত সাড়ে ৯টায় ছাত্রলীগ কর্মীরা চারটি ছাত্র হলে আকস্মিক হামলা করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
সংঘর্ষে রাত ১১টা পর্যন্ত ২৫ রাউন্ডের মতো গুলি ছোড়া হয়েছে। একটি বোমাও বিস্ফোরিত হয়েছে। এছাড়া দু'পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ চলে।
রাত বারোটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
রাত ১১টা পর্যন্ত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর কিছু আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কুষ্টিয়া শহরে পুলিশকে খবর দেওয়ার কথা জানান।
সহকারী প্রক্টর আব্দুল বারি বলেন, তারাও ভয়ের মধ্যে আছেন। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, রাত সাড়ে ৯টার দিকে ছাত্রলীগ কর্মীরা ৫/৬শ' বহিরাগতসহ চারটি ছাত্র হলে ঢুকতে চাইলে ভেতরে অবস্থানরত ছাত্রশিবির কর্মীরা বাধা দেয়।
প্রতিনিধি বলেন, বাইরে থেকে ছাত্রলীগ এবং ভেতর থেকে শিবির কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ ছাড়া ছাত্রলীগ ২৫ রাউন্ডের মতো গুলি চালিয়েছে।
শিবিরের দখলে থাকা ছাত্র হলগুলো দখল করার জন্য ছাত্রলীগ চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে, জানান তিনি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে চারটি ছাত্র এবং দুইটি ছাত্রী হল রয়েছে। ছাত্রদের চারটি হলই ইসলামী ছাত্র শিবিরের দখলে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৫৫ঘ.
bdnews24