টাঙ্গাইল, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের পর শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
ছাত্র-ছাত্রীদের বিকেল ৬টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।"
সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত প্রায় চার ঘণ্টাব্যাপী সংঘর্ষে রাবার বুলেট বিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ছাত্ররা অন্তত ২৫টি দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
রাবার বুলেট বিদ্ধ পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্রী জান্নাতুল ফেরদৌসকে ক্যাম্পাস সংলগ্ন উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আরও দুজনকে ভর্তি করা হয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। এরা হলেন- ব্যবসায়ী মোজাম্মেল হোসেন ও ছাত্র উজ্জ্বল।
আহতদের মধ্যে ১০ পুলিশ সদস্যও আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ সংঘর্ষ থামাতে ১০ রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
তিনি জানান, সকালে সন্তোষ বাজারে মাছ কেনার সময় এক ছাত্রের সঙ্গে দর কষাকষি নিয়ে সংঘর্ষের সূত্রপাত। ৩০/৪০ ছাত্র লাঠিসোটা নিয়ে বাজারে হামলা চালালে ব্যবসায়ীরাও পাল্টা হামলা চালায় বলে তারা অভিযোগ পেয়েছেন।
সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ চলে। এ পর্যায়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফারুক, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান উপাচার্যের উপস্থিতিতে ছাত্রদের সঙ্গে বৈঠক করেন।
১টার দিকে জেলা প্রশাসক মাকছুদুর রহমান পাটওয়ারী ও পুলিশ সুপারিনটেনডেন্ট ক্যাম্পাসে যান এবং ছাত্রদের সঙ্গে কথা বলা চেষ্টা করেন। কিন্তু ২টার দিকে ছাত্ররা আবার সংঘবদ্ধ হয়ে বাজারে হামলা চালায়।
টাঙ্গাইল থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্ররা ২৫টি দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আশরাফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাস সংলগ্ন বাজারের ব্যবসায়ীরা তাদের কাছ থেকে সব পণ্যের দাম বেশি নেন। এছাড়া ছাত্রীরা বাজারে গেলে তাদের টিজ করেন। এসবের প্রতিবাদ করায় ব্যবসায়ীরা ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের ওপর হামলা চালায়। ছাত্ররাও পাল্টা হামলা চালায়।
অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট বশির আহমেদ বলেন, ছাত্রদের অভিযোগা বাজারের একজন ব্যবসায়ী সাধারণ ক্রেতার কাছে যে ধরনের মাছ ৭০ টাকায় বিক্রি করেছেন, সে রকম একটি মাছের দাম একজন ছাত্রের কাছে চেয়েছেন ২২০ টাকা। এ নিয়েই সংঘর্ষ হয়েছে।
তিনি জানান, সংঘর্ষের সময় উভয়পক্ষের মাঝখানে পড়ে ইটপাটকেলে ১০ পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৫১ ঘ.
bdnews24