রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি হলে পছন্দের পত্রিকা না রাখায় শিবির বুধবার পেপার রুম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।
এ ঘটনায় শিবির নেতা আব্দুর রাজ্জাককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে হল প্রশাসন।
রাবির সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, বিগত জোট সরকারের সময় থেকে হলের পেপার রুমে দৈনিক সংগ্রাম ও দিনকাল পত্রিকা চালু করে। পরবর্তীতে আবাসিক ছাত্রদের দাবির প্রেক্ষিতে জুনের প্রথম সপ্তাহে হল প্রাধ্যক্ষ পত্রিকা দু'টি বন্ধ করে দেয়।
গত ১০ জুন সোহরাওয়ার্দী হলের শিবির নেতারা পত্রিকা দু'টি আবার চালু করার জন্য প্রাধ্যক্ষকে সময়সীমা বেঁধে দেন। প্রাধ্যক্ষ তা না করায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রাধ্যক্ষের কক্ষে গিয়ে এর কারণ জানতে চান। প্রধ্যক্ষ কথা না বললে রাজ্জাক উত্তেজিত হয়ে পেপার রুম বন্ধ করে দেওয়ার হুমকি দেন।
এ ঘটনার পর প্রক্টর এবং পুলিশের উর্ধ্বতন কর্মকতারা হলে শিবির নেতাদের নিয়ে বৈঠকে বসেন। কর্মকর্তারা রাজ্জাককে লিখিতভাবে দুঃখ প্রকাশ করতে বলেন। কিন্তু রাজ্জাক দুঃখ প্রকাশ না করে কক্ষ থেকে বের হয়ে যান।
পরে প্রাধ্যক্ষ হলের আবাসিক শিক্ষকদের নিয়ে জরুরি সভা করে রাজ্জাকের আবাসিকতা কেন বাতিল করা হবে না এবং কেন তার ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হবে না- এই মর্মে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেন।
রাজ্জাকের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।
সোহরাওয়ার্দী হল শাখা শিবির সভাপতি সাব্বির আহমেদ তাফসির জানান, রাজ্জাক প্রাধ্যক্ষেকে হুমকি দেননি। তার সঙ্গে প্রাধ্যক্ষের একটু বাগবিতাণ্ডা হয়েছে।
প্রাধ্যক্ষ অধ্যাপক আখতার ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাজ্জাককে আগামী ৯ জুলাইয়ের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫০ ঘ.
bdnews24