জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ৩৩তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব (র্যাগ) উদযাপন কমিটির নির্বাচন নিয়ে এ সংঘাত বাঁধে।
শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার নির্বাচনের পর রাত ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান হল এবং আ ফ ম কামালউদ্দিন হলের ছাত্রলীগ কর্মীদের মধ্যে প্রথমে বাক-বিতণ্ডা এবং পরে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে বঙ্গবন্ধু হলের কর্মীদের সঙ্গে সালাম-বরকত হলের কর্মীরা যোগ দেয়। অন্যদিকে কামালউদ্দিন হলের কর্মীদের সঙ্গে যোগ দেয় মওলানা ভাসানী ও আল বেরুনী হলের কর্মীরা।
পাল্টাপাল্টি হামলায় পাঁচজন আহত হয়। আহতরা হলেন- বঙ্গবন্ধু হলের অর্ক ও সুমন এবং কামালউদ্দিন হলের শরীফ, উজ্জল ও মুস্তাফিজ। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের ছাত্র।
তাদের সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিন ঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়ার পর রাত ৩টার দিকে পুলিশ এসে দুই পক্ষকে হটিয়ে দেয়। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রক্টর অধ্যাপক ড. আরজু মিয়া সাংবাদিকদের বলেন, 'এই ঘটনার সঙ্গে যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
শিক্ষাসমাপনী উৎসব (র্যাগ) উদযাপনের জন্য গঠিত কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও বাংলা বিভাগের ছাত্র মো. আসফাজুল আলম জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।"
নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান হলের ছাত্র মিঞা মো. আলিম আল রাজিব আহ্বায়ক ও আ ফ ম কামালউদ্দিন হলের ছাত্র শেখ মোহাম্মদ রাসেল কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বলে তিনি জানান।
নির্বাচন পরবর্তী সংঘর্ষকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ নাসের জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'শান্ত ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য এটি একটি অপচেষ্টা।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৫ ঘ.
bdnews24