২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বিশ্ববিদ্যালয়ের আইনে সংশোধনী নিয়ে সংসদে বিল উত্থাপন

প্রধানমন্ত্রীর পরিবর্তে রাষ্ট্রপতিকে আচার্যের দায়িত্ব দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের ৩টি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইনে সংশোধনী আনতে মঙ্গলবার তিনটি পৃথক বিল সংসদে উত্থাপিত হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই বিল তিনটি উত্থাপন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 04:16 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রধানমন্ত্রীর পরিবর্তে রাষ্ট্রপতিকে আচার্যের দায়িত্ব দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের ৩টি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইনে সংশোধনী আনতে মঙ্গলবার তিনটি পৃথক বিল সংসদে উত্থাপিত হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই বিল তিনটি উত্থাপন করেন। পরে বিলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ১০ দিনের মধ্যে প্রতিবেদন পেশ করতে তা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিল তিনটি হচ্ছে: ইসলামী বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন-২০০৬। সোমবার একই সংশোধনীর প্রস্তাব করে ৪টি বিল সংসদে উত্থাপিত হয়। ওই বিলগুলো হচ্ছে: জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন সংক্রান্ত বিল। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে দিনের কর্মসূচিতে বাজেট আলোচনার আগে এ ৩টি বিল সংসদে উত্থাপন করা হয়। বিল তিনটির উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, বিদ্যমান আইনে প্রধানমন্ত্রী দেশের ৭টি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের দায়িত্বে রয়েছেন। প্রধানমন্ত্রী ওই বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলরের দায়িত্বও রাষ্ট্রপতির কাছে অর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন যাতে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন। এজন্য মূল আইনে সংশোধনীর আনতে এই বিলগুলো আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এসকে/২২১৪ঘ.ু