২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংস বিক্ষোভের পর গার্হস্থ্য অর্থনীতি কলেজ বন্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার দাবিতে মঙ্গলবার বিকেলে কলেজে ব্যাপক ভাঙচুর চালিয়েছে গার্হস্থ্য অর্থনীতি কলেজের আন্দোলনরত ছাত্রীরা। উদ্ভুত পরিস্থিতিতে প্রশাসন অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা এবং হল ছাড়ার নির্দেশ দিয়েছে। রাত ৮ টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাবি প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস শহীদ মিনার থেকে জানান, হল ছেড়ে দিয়ে শতাধিক ছাত্রী তাদের দাবির বাস্তবায়নে শহীদ মিনারে অবস্থান নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 02:51 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার দাবিতে মঙ্গলবার বিকেলে কলেজে ব্যাপক ভাঙচুর চালিয়েছে গার্হস্থ্য অর্থনীতি কলেজের আন্দোলনরত ছাত্রীরা। উদ্ভুত পরিস্থিতিতে প্রশাসন অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা এবং হল ছাড়ার নির্দেশ দিয়েছে। রাত ৮ টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাবি প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস শহীদ মিনার থেকে জানান, হল ছেড়ে দিয়ে শতাধিক ছাত্রী তাদের দাবির বাস্তবায়নে শহীদ মিনারে অবস্থান নিয়েছে। ঢাবি'র একটি ইনস্টিটিউট করার দাবিতে অনেকদিন ধরেই আন্দোলন করে আসছে এই কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত আন্দোলন কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার দুপুর ২টার দিকে তারা কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে নীলক্ষেত থেকে আজিমপুর সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। বিকেলের দিকে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পুলিশের ধাওয়া খেয়ে বিক্ষুব্ধরা কলেজে ঢুকে অধ্যক্ষের কার্যালয়সহ বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায়। লালবাগ থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান, তারা ঘটনাস্থল থেকে পাঁচজন শিক্ষার্থীকে থানায় নিয়ে এসেছেন। তবে কাউকে আটক দেখানো হয়নি। কলেজের শিক্ষকরা গেলে তাদের ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি। তবে পুলিশ ছাত্রীদের ওপর লাঠিচার্জ বা ধাওয়া করেনি বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা। এদিকে বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানিয়েছে, প্রায় এক মাস ধরে তারা বিভিন্ন দাবিতে আন্দোলন করছে। এর মধ্যে কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউট করা এবং বিভিন্ন বিভাগে বর্ধিত ফি প্রত্যাহারের দাবি রয়েছে। তবে কলেজ কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/এসকে/২০৫৬ঘ.