ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব বিষয়ে নয়, ২০১১ সালে চারটি বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকার। ২০১০ সালে হবে দুটি বিষয়ে।
২০১১ সাল থেকে সব বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হওয়ার কথা থাকলেও অভিভাবকদের অমতের কারণে এক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সিদ্ধান্ত হয়েছিল, ২০১১ সালে সব বিষয়েই সৃজনশীল পদ্ধতিতে এসএসসি পরীক্ষা হবে।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, "২০১০ সালে বাংলা প্রথম পত্র ও ধর্ম বিষয়ে র এসএসসি পরীক্ষা সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে হবে। আর ২০১১ সালে এই দুই বিষয়ের সাথে প্রতিটি শাখায় (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) আরও দুটি বিষয় যুক্ত করে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।"
মন্ত্রী জানান, ২০১১ সালে মানবিক শাখায় ভূগোল ও সাধারণ বিজ্ঞান, বাণিজ্য শাখায় ব্যবসায় পরিচিতি ও সাধারণ জ্ঞান, বিজ্ঞান শাখায় সামাজিক বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে।
গত ২ জুন সৃজনশীল প্রশ্ন পদ্ধতি ২০১০ সালের এসএসসিতে দুই বিষয়ে এবং তারপর পর্যায়ক্রমে চালু করার সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে গত বছরের এপ্রিলে শিক্ষা মন্ত্রণালয় ২০১০ সালের এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্র ও ধর্ম শিক্ষা 'সৃজনশীল' প্রশ্ন পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে পরের বছর অর্থাৎ ২০১১ সাল থেকে সব বিষয়েই সৃজনশীল প্রশ্নপদ্ধতি অনুসরণ করা হবে।
প্রস্তুতির অভাবের যুক্তি দিয়ে অভিভাবক ও শিক্ষকদের অনেকে এর বিরোধিতা করে আসছিলেন।
সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্রের দুটি অংশ থাকবে। একটি অংশে বর্তমানের পদ্ধতিতেই প্রশ্ন করা হবে। অন্য অংশে শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা পরীক্ষার জন্য একটি প্রশ্নকে চার ভাগে উপস্থাপন করা হবে। গৎবাঁধা মুখস্থ চর্চা পরিহার করে সৃষ্টিশীল মেধার চর্চা উৎসাহিত করাই এর লক্ষ্য বলে বিশেষজ্ঞরা জানান।
শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান, যুগ্ম সচিব ময়েজউদ্দীন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমানুর রশীদ ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান মো. শামসুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/আরএ/এমআই/১৪০০ ঘ.
bdnews24