মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসিতে এ বছর সারাদেশে উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৮৭৮ জন। অন্যদিকে দেশের কলেজগুলোতে একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় ৫ লাখ।
তাই ভর্তি সঙ্কট এড়াতে কলেজগুলোতে আসন সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। প্রয়োজনে ডাবল শিফটও চালু করা হতে পারে।
মঙ্গলবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর কলেজগুলো ইতোমধ্যে এ পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় রেকর্ড সংখ্যক ৬২ হাজার ৩০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ কারণে মেধাবীদের অনেকে ভালো বলে পরিচিত কলেজে অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তি হতে পারবে না বলে আশঙ্কা করছে অভিভাবক মহল।
আসন সঙ্কটের কথা স্বীকার করে শিক্ষামন্ত্রী বলেন, "এ নিয়ে আমরা ইতোমধ্যে কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠকে বসেছি। কীভাবে আসন বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা আবার বসব। প্রয়োজনে কলেজে ডাবল শিফট চালু করা হবে।"
আসন বাড়ানোর কথা জানিয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ সিরাজউদ্দিন আহমেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা কলেজে আসন বাড়ানো যেতে পারে। আমাদের সে পরিকল্পনাও রয়েছে।"
ঢাকা কলেজে তিন শাখায় এক হাজারের মতো আসন রয়েছে। অধ্যক্ষ বলেন, "শ্রেণিকক্ষ বাড়িয়ে আসন সংখ্যা বাড়ানো যেতে পারে।"
ঢাকা রেসিডেন্সিসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান খান বলেন, "প্রতি বছরই আমরা কিছু আসন বাড়িয়ে থাকি। এবারও আসন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।" ওই কলেজে একাদশ শ্রেণিতে বর্তমানে আসন সংখ্যা সাড়ে চারশ'।
ঢাকা কমার্স কলেজের উপাধ্যক্ষ এবিএম আবুল কাশেম জানান, ওই কলেজে আসন সংখ্যা এবার ৩০০ বাড়ানো হচ্ছে।
রাজধানীতে ভালো বলে পরিচিত কলেজগুলোতে আসন সংখ্যা ১০ হাজারের মতো। সারাদেশে নামী কলেজে আসন সংখ্যা সবমিলিয়ে কয়েক হাজার হবে বলে জানিয়েছেন বাংলাদেশ শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) কর্মকর্তারা।
এবার কারিগরি ও মাদরাসা ১০ বোর্ডে সব মিলিয়ে এবার উত্তীর্ণ হয়েছে ৭ লাখ ৫০ হাজার ৫৩৮ শিক্ষার্থী। এর মধ্যে আট বোর্ডে এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৩৭ হাজার ৮৭৮।
বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) কর্মকর্তারা জানান, দেশের সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় ৩১০০ কলেজে একাদশ শ্রেণিতে ৪ লাখ ৭০ হাজারের মতো আসন রয়েছে।
তবে মাদ্রাসায় আসন সঙ্কট হবে না বলে জানিয়েছেন মাদরাসা বোর্ডের চেয়ারম্যান মো. ইউসুফ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাদ্রাসার অনেক শিক্ষার্থীই সাধারণ কলেজ কিংবা অন্য জায়গায় চলে যায়। তারপরও যারা মাদ্রাসায় ভর্তি হতে চায়, তাদের সবাইকে ভর্তির সুযোগ (আসন) দেওয়া যাবে।"
এবার দাখিল পরীক্ষায় পাসের হার ৮৫ দশমিক ৮৫ শতাংশ। ১ লাখ ৮৫ হাজার ৭২৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৪৪৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৩০৯ জন।
মাদ্রাসা ছাড়াও পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে রয়েছে আরও কয়েক হাজার আসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৩১৪ ঘ.
bdnews24