২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ছাত্রাবাসে পানি ও বিদ্যুৎ সমস্যা নিরসন এবং কলেজের সামনের সড়কে যানবাহনের গতি কমানোর ব্যবস্থা নেওয়ার দাবিতে রোববার সকালে ফরিদপুর মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা অবরোধ কর্মসূচি পালন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 12:29 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ফরিদপুর, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্রাবাসে পানি ও বিদ্যুৎ সমস্যা নিরসন এবং কলেজের সামনের সড়কে যানবাহনের গতি কমানোর ব্যবস্থা নেওয়ার দাবিতে রোববার সকালে ফরিদপুর মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা অবরোধ কর্মসূচি পালন করে। সকাল ১০টার দিকে ক্যাম্পাসে মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে কলেজের সামনের মুজিব সড়কে অবস্থান নেয়। প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে তারা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে কলেজ কর্তৃপক্ষ, প্রশাসন ও স্থানীয় নেতাদের অনুরোধে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। অবরোধকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কলেজ ছাত্রবাসাতে পানি ও বিদ্যুতের সমস্যা চলছে। এ সমস্যা নিরসনের জন্য বার বার দাবি জানিয়েও কোন কাজ হয়নি। সড়ক অবরোধের খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল আউয়াল হাওলাদার, এএসপি মনিরা সুলতানা, এএসপি রাফিউল আলম, কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. রফিকুল আক্তার, আওয়ামী লীগ নেতা খন্দকার এহতেশাম বাবর, মোকাররম মিয়া বাবু ও পৌর মেয়র শেখ মাহাতাব আলী ঘটনাস্থলে যান। কলেজ অধ্যক্ষ ডা. রফিকুল আক্তার সাংবাদিকদের বলেন, ছাত্র-ছাত্রীদের ন্যায্য দাবি দাওয়া বাস্তবায়নের বিষয় নিয়ে তারা সভা করছেন। সমস্যার সমাধান হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। কলেজের উপাধ্যক্ষ ডা. আ স ম জাহাঙ্গীর চেীধুরী জানান , ছাত্র-ছাত্রীরা তাদের দাবি বাস্তবায়নের জন্য ১৪ দিন সময় বেধে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮২৮ ঘ.