২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি এলাকায় ছাত্রশিবির-পুলিশ সংঘর্ষ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিনোদপুর বাজারে শনিবার বিকেলে ছাত্রশিবির-পুলিশ সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 12:23 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিনোদপুর বাজারে শনিবার বিকেলে ছাত্রশিবির-পুলিশ সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। নিষেধাজ্ঞা ভেঙে শিবিরের মিছিল করার জেরে এ সংঘর্ষ হয়। বিকেল সোয়া পাঁচটার দিকে শুরু হয়ে ৬টা পর্যন্ত সংঘর্ষ চলে। ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, বিনোদপুর বাজার জামে মসজিদে আসরের নামাজ শেষে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী এবং সাধারণ সম্পাদক শামসুল আলম গোলাপের নেতৃত্বে চার/পাঁচ শ' বহিরাগত শিবিরকর্মী মিছিল বের করে। মিছিলটি ঢাকা-রাজশাহী মহসড়কে উঠলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। শিবির নেতা-কর্মীরা পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। সংঘর্ষে দুই পুলিশ কনস্টেবলসহ অন্তত ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিবির ক্যাম্পাসে মিছিল করার অনুমতি চেয়েছিল। কিন্তু আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। এরপরও তারা ক্যাম্পাসে মিছিল করলে পুলিশ ব্যবস্থা নেবে। বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার এমকে জাহাঙ্গীর হোসেন বলেন, ক্যাম্পাস ও আশপাশের এলাকায় মিছিল মিটিং নিষিদ্ধ থাকায় এবং ১ জুন সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয় খোলার স্বার্থে মহানগর পুলিশ সকাল থেকে শিবিরকে বারবার মিছিল-মিটিং না করার আহ্বান জানায়। এরপরও তারা মিছিল করে। শিবিরের কর্মীরা বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পে ইটপাটকেল নিক্ষেপ করেছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/১৮২৪ঘ.