চট্টগ্রাম, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় আটক ১৬ ছাত্রকে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা কোর্ট ইন্সপেক্টর আবদুল ওয়াহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকালে হাটহাজারী থানা পুলিশ ১৬ ছাত্রকে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট্রেট আদালতে হাজির করে। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হাটহাজারী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মো. ইসমাইল জানান, গত শুক্রবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ছয়টি আবাসিক হল ও দু'টি কটেজে অভিযান চালিয়ে এই ১৬ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার গভীর রাতে চবি'র একটি হলে ছাত্রলীগ ও শিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।
এদিকে দায়িত্ব পালনকালে শুক্রবার দৈনিক 'আমার দেশ'র প্রতিনিধি রাশেদ খান মেননের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চবি সাংবাদিক সমিতি শনিবার ক্যাম্পাসে মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা অবিলম্বে সাংবাদিকের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তি দাবি করেন।
সমাবেশ শেষে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ চবি উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ আলম বরাবর একটি স্মারকলিপি দেন। উপাচার্য হামলাকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এসময় চবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে সভাপতি আল আমীন দেওয়ান, সহ-সভাপতি ইলিয়াস সরকার, মহিউদ্দিন জুয়েল, মাহবুব মিলন, মনিরুল সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/টিআর/১৮৪৮ ঘ.
bdnews24