২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নর্থ সাউথের কয়েকশ' শিক্ষার্থীকে আসামী করে মামলা দায়ের

ফি বৃদ্ধির প্রতিবাদে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষুব্ধ ছাত্রদের ভাঙচুর ও পুলিশের ওপর কথিত হামলার অভিযোগে অজ্ঞাত কয়েকশ' শিক্ষার্থীকে আসামী করে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। বনানীতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে সম্ভাব্য গোলযোগের আশঙ্কায় সোমবার প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে রয়েছে জলকামানবাহী গাড়িও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 10:47 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফি বৃদ্ধির প্রতিবাদে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষুব্ধ ছাত্রদের ভাঙচুর ও পুলিশের ওপর কথিত হামলার অভিযোগে অজ্ঞাত কয়েকশ' শিক্ষার্থীকে আসামী করে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। বনানীতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে সম্ভাব্য গোলযোগের আশঙ্কায় সোমবার প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে রয়েছে জলকামানবাহী গাড়িও। এদিকে সকালে ক্যাম্পাস থেকে পুলিশ তিনজন ছাত্রকে গ্রেপ্তার করেছে বলে ছাত্রদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে। তবে পুলিশ কোনও ছাত্র গ্রেপ্তারের কথা অস্বীকার করেছে। পুলিশের গুলশান জোনের উপ-কমিশনার হাফিজ আক্তার জানান, গোলযোগের আশঙ্কায় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ সোম ও মঙ্গলবার ক্যাম্পাসের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। ভাঙচুর ও পুলিশের ওপর কথিত হামলার ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। তবে ক্যাম্পাস থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে তিনি জানিয়েছেন। ছাত্ররা জানান, রোববারের ভাঙচুরের পর সোমবার কিছু ছাত্র ক্যাম্পাসে এলে তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে ও রোববার শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে তারা পরে আরও আন্দোলন কর্মসুচি ঘোষণা করবে। গুলশান থানার উপ-পরিদর্শক মাহমুদ হাসান জানান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাত ৪ থেকে ৫শ' শিক্ষার্থীকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন গুলশান থানার উপ-পরিদর্শক হেলাল। রোববার রাত সাড়ে ১১টার দিকে মামলাটি দায়ের করা হয়। সোমবার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সবগুলো ভবনের ফটক বন্ধ করে রাখা হয়েছে। নিরাপত্তারক্ষী ও পুলিশ ক্যাম্পাসে আসা শিক্ষার্থীদের ফিরিয়ে দিচ্ছেন। দেয়ালে সোম ও মঙ্গলবার দু'দিন বিশ্ববিদ্যালয় বন্ধের বিজ্ঞপ্তি টানানো। প্রশাসনিক ভবনের সামনেই অবস্থান করছে পুলিশের জলকামানবাহী গাড়ি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাসুদুর রহমান জানান, পুরাতন ছাত্রদের জন্য প্রতি ক্রেডিটে মাত্র ৫০০ টাকা বাড়িয়ে ৪ হাজার ৫০০ টাকা করা হয়েছে। আর নতুন যারা ভর্তি হবে তাদের জন্য ৫৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, এখন ক্রেডিট ফি বাড়লেও নতুন করে ক্যাম্পাস উন্নয়ন ফি নেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়টি ইতোমধ্যেই বসুন্ধরা আবাসিক এলাকায় তাদের নতুন ক্যাম্পাস স্থাপনের কাজ সম্পন্ন করেছে। আগামী সেমিস্টার থেকেই সেখানে শিক্ষা কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশফাক জানিয়েছেন, বিবিএ ডিগ্রির জন্য ১২৪ ক্রেডিট ঘণ্টার ৪০টি কোর্স পড়তে হয় তাদের। আগে প্রতি ক্রেডিট ঘণ্টার জন্য ৪০০০ টাকা নেওয়া হতো। এখন নতুন করে ৫০০ টাকা বাড়ানো হয়েছে। ফলে প্রতি সেমিস্টারে একেকজন শিক্ষার্থীর সাড়ে চার থেকে ছয় হাজার টাকা করে খরচ বেড়ে যাবে। এমনিতেই বিবিএ শেষ করতে শুধু ক্রেডিট বাবদ প্রায় পাঁচলাখ টাকা খরচ হয়। এছাড়া ভর্তি ফি, ক্যাম্পাস উন্নয়ন ফিসহ অন্যান্য খাতে টাকা দিয়ে প্রায় ১০ লাখ টাকার বেশি লেগে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/১৬৪০ঘ.