২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি'র ব্যবসায় প্রশাসন বিভাগে তালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা শনিবার বিভাগের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 01:14 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা শনিবার বিভাগের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ, কোর্স শিক্ষক ইচ্ছা করে পরীক্ষায় তাদের অকৃতকার্য করিয়েছেন। এর প্রতিবাদে তারা সকালে বিভাগে তালা ঝুলিয়ে দেন। এছাড়া সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিভাগের সামনে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। শিক্ষার্থীরা রোববার সকাল সাড়ে ১০টায় সমাজবিজ্ঞান অনুষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিভাগের কয়েকজন শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম বর্ষের ১০৮ নম্বর কোসের্র অনুশীলনী পরীক্ষায় ৬৫ জন শিক্ষার্থীর মধ্যে ৪৫ জনকে অকৃতকার্য (ফেল) করিয়ে দিয়েছেন ওই কোর্সের শিক্ষক শেখ মোহাম্মদ রাফিউল হক। তাদের অভিযোগ বিভাগীয় পরীক্ষার ফলাফল নির্ধারণের জন্য গ্রেডিং পদ্ধতির পরিবর্তনের দাবিতে আন্দোলন করার কারণে তাদের এভাবে ফেল করানো হয়েছে। ওই পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য তারা উপাচার্য বরাবর লিখিত আবেদন করেছেন। এ ব্যাপারে কোর্স শিক্ষক শেখ মোহাম্মদ রাফিউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি টেলিফোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলি না। আপনার কিছু জানার থাকলে আগামীকাল (রোববার) অফিস সময়ে বিভাগে আসবেন। এসে লিখিতভাবে আপনার স্বাক্ষরসহ প্রশ্ন জমা দেবেন। এরপর আমি উত্তর দেব।" ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতি কামরুল আরেফিন বলেন, "শিক্ষার্থীরা কেন বিভাগে তালা ঝুলিয়েছে তা আমাকে বলেনি। বিভাগের পক্ষ থেকে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে।" এ ব্যাপারে জানতে উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবীর ও উপ-উপাচার্য মো. ফরহাদ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কথা বলা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১৬ ঘ.