২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সাংসদদের আবারো সভাপতি করা হচ্ছে

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে আবারও সংসদ সদস্যদের সভাপতি রাখার নিয়ম চালু হচ্ছে। আগামী ৭ মে'র মধ্যে এ বিষয়ে পরিপত্র জারি করা হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন জাতীয় সংসদ ভবনে কমিটির সভা শেষে এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 12:53 PM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে আবারও সংসদ সদস্যদের সভাপতি রাখার নিয়ম চালু হচ্ছে। আগামী ৭ মে'র মধ্যে এ বিষয়ে পরিপত্র জারি করা হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন জাতীয় সংসদ ভবনে কমিটির সভা শেষে এ কথা জানান। রাশেদ খান মেনন আরো জানান, সভায় বেসকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে এমপিওভুক্তি (মাসিক সরকারি বেতন) ও নিয়োগ থেকে শুরু করে নানা ধরনের অসঙ্গতি খতিয়ে দেখার জন্য স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ শাহ আলমের নেতৃত্বে তিনজন সংসদ সদস্যর সমম্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী এক মাসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। রাশেদ খান মেনন বলেন, "বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে সংসদ সদস্যদের সভাপতি করার সিদ্ধান্ত ইতোমধ্যে হয়েছে। আগামী ৭ মে'র মধ্যে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিপত্র জারি করবে।" তিনি জানান, সংসদ সদস্যরা সর্বোচ্চ চারটি প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন। বাকিগুলোর সভাপতি প্রতিষ্ঠান প্রধানরা সংসদ সদস্যদের পরামর্শ নিয়ে সংশ্লিষ্ট বোর্ডের মাধ্যমে করবেন। বর্তমানে জেলা প্রশাসক ও তাদের প্রতিনিধিরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি পদে রয়েছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকার এ নিয়ম চালু করে। এরপর তত্ত্বাবধায়ক সরকার জেলা প্রশাসকদের সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে সভাপতি রাখার বিধান রেখে একটি অধ্যাদেশও জারি করে। তবে বর্তমান সংসদ এ অধ্যাদেশ পাস না করায় এটি অকার্যকর হয়ে পড়ে। এর আগে নির্বাচিত সরকারের আমলে সংসদ সদস্যরাই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। বর্তমানে সারা দেশে প্রায় ত্রিশ হাজার বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান রয়েছে। মেনন আরো জানান, সৃজনশীল প্রশ্ন পদ্ধতি ও পাঠ্যপুস্তক নিয়ে কমিটির আগামী সভায় আলোচনা হবে। সভায় অন্যদের মধ্যে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্থায়ী কমিটির সদস্য, শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, যুগ্ম সচিব, বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/জিএনএ/১৮৪৩ ঘ.