রাজশাহী, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৪৩ দিন বন্ধ থাকার পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) রোববার খুলেছে। শিক্ষার্থীদের পদচারণায় দীর্ঘদিন পর আবার মুখরতি হয়ে উঠেছে ক্যাম্পাস।
আগের দিন বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়।
১৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিবির-ছাত্রলীগ সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানী নিহত হওয়ার জের ধরে মাত্র দু'দিনের ব্যবধানে রাজশাহীর আটটি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠানগুলো হল- রাবি, রুয়েট, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী সরকারি কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ, সরকারি সিটি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, প্যারামেডিকেল ইনস্টিটিউট।
এর মধ্যে ২৮ মার্চ রাজশাহী সরকারি সিটি কলেজ এবং ৩০ মার্চ রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ খুলে দেওয়া হয়।
১৯ এপ্রিল রাজশাহী সার্কিট হাউস ও রুয়েট ক্যাম্পাসে পৃথক সভা করে ২৬ এপ্রিল রুয়েট এবং ৬ মে রাজশাহী কলেজ খোলার সিদ্ধান্ত হয়।
অন্যদিকে ১ জুন রাবি ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য সুপারিশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সভাপতিরা।
দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। শিক্ষার্থীরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। তবে প্রথম দিন উপস্থিতি কম ছিল।
পুরাকৌশল বিভাগের শিক্ষার্থী আল আমিন, যন্ত্রকৌশল বিভাগের রাসেল ও আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ায় তারা খুশি। তবে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ থাকায় অস্বস্তিও আছে তাদের মধ্যে।
রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফজলুল বারী ক্যাম্পাস সচল এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সবার সহযোগিতা চেয়েছেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ক্যাম্পাসের পরিবেশ স্থিতিশীল রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের মিছিল, সভা, সমাবেশ, পোষ্টার ও লিফলেট সাঁটানো, ব্যানার টাঙানো এবং দেয়াল লিখন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্র-ছাত্রীদের সার্বক্ষণিক নিজেদের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৮ ঘ.
bdnews24