জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ক্লাস রোববার শুরু হয়েছে।
এটি দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হলেও প্রথম বর্ষের কোনো শিক্ষার্থীই হলে সিট পায়নি। তাদের শুধু হলের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় শিক্ষার্থীদের দেওয়া নির্দেশিকায় সব ছাত্র-ছাত্রীর হলে থাকা বাধ্যতামূলক বলে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে মোট ১১টি হল রয়েছে। এর মধ্যে ছাত্রদের ৬টি এবং ছাত্রীদের ৫টি।
কিন্তু ক্লাস শুরু আগেই কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জানিয়ে দিয়েছে, আপাতত হলে আসন বরাদ্দ দেওয়া সম্ভব নয়। বিকল্প হিসেবে শিক্ষার্থীদের ঢাকা থেকে ক্যাম্পাসে আসা-যাওয়ার জন্য পাঁচটি দ্বিতল বাসের ব্যবস্থা করা হয়েছে।
এ অবস্থায় নিরুপায় হয়ে শনিবার থেকে প্রতিটি হলের সংসদ রুম, কমন রুম, টিভি রুম, নামাজ রুম ও অতিথি রুমে ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী গাদাগাদি করে থাকতে শুরু করেছে। অনেকে আবার ক্যাম্পাসের আশেপাশে এবং ঢাকায় থাকছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শহীদ সালাম-বরকত হলে সংযুক্ত এক ছাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত আবাসিক সুবিধা পাওয়া যাবে এ আশায় এখানে ভর্তি হয়েছি। এখন দেখছি এর উল্টো। তাহলে আর কেন এটিকে আবাসিক বিশ্ববিদ্যালয় বলা হচ্ছে।"
গত কয়েক বছর ধরে প্রতি শিক্ষাবর্ষে একশ'র মতো অতিরিক্ত ছাত্র-ছাত্রী ভর্তি এবং নতুন হল নির্মাণ না হওয়ার পাশাপাশি বিভাগগুলোতে সেশনজটের কারণে এ সংকটের সৃষ্টি হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ে নিয়ম অনুযায়ী পোষ্য কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলের সঙ্গে সংযুক্ত থাকবে। তবে কোনো আসন বরাদ্ধ পাবে না। কিন্তু ওই কোটায় ভর্তি হওয়া অনেক শিক্ষার্থীই হলে থাকছে।
এসব কারণে প্রথম বর্ষের প্রায় ১৪'শ শিক্ষার্থী হলে সিট পাচ্ছে না।
১৯৭০ সালে সাভারে দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে একটি হল ও চারটি বিভাগ (অর্থনীতি, পরিসংখ্যান, ভূগোল ও গণিত) নিয়ে এই বিদ্যাপীঠটির কার্যক্রম শুরু হয়। তখন শিক্ষার্থী ছিল মোট ১৫০ জন।
বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ২৬টি বিভাগে প্রায় দশ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। আর ১১টি আবাসিক হলের মোট আসন সংখ্যা ৫ হাজার ৫'শ ৫০টি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপাতত শিক্ষার্থীদের হলে সিট দেওয়া সম্ভব নয়। তাই তাদের যাতায়াতের জন্য পাঁচটি বাসের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে হলে শিক্ষার্থীদের সিট দেওয়া হবে।"
এছাড়া নতুন একটি ছাত্র হলের নির্মাণ কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/১১৪০ঘ.
bdnews24