রংপুর, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম) - রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
শনিবার দুপুরে শহরের টিচার্স ট্রেনিং কলেজে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ।
উপদেষ্টা বলেন, "রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি বাস্তবাযন হল।"
তিনি বলেন, "আপাতত অস্থায়ী ক্যাম্পাসে ক্লাশ শুরু হলেও দু'বছরের মধ্যে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।"
ড. আলাউদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "রংপুর বিশ্ববিদ্যালয়ে যেন চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।"
তিনি শিক্ষার্থীদের এসব তৎপরতা থেকে দূরে থাকার পরামর্শ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, "রাঙামাটি ও গোপালগঞ্জে অচিরেই দুটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। দেশের ৬৪টি জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় স্থাপন করার পরিকল্পনা আমাদের রয়েছে।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- রংপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান, সাংসদ আনিসুল ইসলাম মণ্ডল ও আবুল কালাম আজাদ।
গত বছরের ২৮ জুলাই রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ পাশ হয়। এরপর ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহামেদ।
শনিবার ছয়টি বিভাগে তিনশ' শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩২ ঘ.
bdnews24