রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ১৬ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় আরও তিনটি মামলা হয়েছে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় ছয়টি মামলা হল।
নগরীর মতিহার থানায় মামলা তিনটি করেন ছাত্রলীগ কর্মী সাকাওয়াত উল্লাহ সাকু, আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিউল ইসলাম রবির বড় ভাই আসলাম হোসেন এবং রাবি ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক আওয়াল কবির জয়।
এর মধ্যে দু'টি রোববার রাতে এবং একটি হয়েছে সোমবার রাতে।
এর আগে ১১, ১২ ও ১৩ মার্চ আরও তিনটি মামলা হয়েছিল।
গত শুক্রবার (১৩ মার্চ) ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের দফা দফায় সংঘর্ষে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানী নিহত হন। আহত হন উভয় সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী ও পুলিশসহ শতাধিক।
এর আগে বুধবার (১১ মার্চ) ছাত্রলীগের মিছিলে শিবিরের বাধা ও হামলার ঘটনায় ছাত্রলীগের ২৫ নেতা-কর্মী আহত হন।
মতিহার থানার সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, সাকাওয়াত উল্লাহর মামলায় শিবিরের ক্যাডার আবদুর রহমান, সোহরাওয়ার্দী হলের সভাপতি সাব্বির আহমেদ তাফসির, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ক্যাডার আরিফ, আরমান, ওহিদুল, নাজমুল, আমিনুল, শাহাবুর, মুজাহিদুলসহ ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০/৪০ শিবির ক্যাডারকে আসামি করা হয়।
মামলায় শিবিরের বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা, আগ্নেয়াস্ত্রের ব্যবহার, বোমাবাজি ও গোলাগুলির অভিযোগ আনা হয়।
আসলাম হোসেনের মামলায় নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের জামায়াতপন্থী সাবেক কমিশনার আবদুস সামাদসহ ২২ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/২০ জন স্থানীয় শিবির ক্যাডারাকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বিনোদপুর বাজারে শিবির ক্যাডাররা স্থানীয় ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, গুলি এবং ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ করা হয়।
আওয়াল কবিরের মামলায় শিবিরের রাবি শাখা সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলম, বঙ্গবন্ধু হল সভাপতি শাহ নেওয়াজ স্বচ্ছ, শাহ মখদুম (এসএম) হলের সভাপতি মারুফ, একই হলের সাধারণ সম্পাদক আনিস, নবাব আবদুল লতিফ হলের সাধারণ সম্পাদক ইয়াসিন, শের-ই-বাংলা হলের সভাপতি নাজমুল হকসহ ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়।
এর আগে ১১ মার্চ ক্যাম্পাসে শিবিরের বেআইনি মিছিল-সমাবেশ এবং সম্পদ বিনষ্টের অভিযোগে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক আবদুল বারী ২০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৪/৫ শ' জনকে আসামি করে মতিহার থানায় মামলা করেন।
ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর শিবিরের হামলা ও ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষ ভাংচুরের অভিযোগে ১২ মার্চ ছাত্রলীগ সভাপতি ইব্রাহীম হোসেন মুন রাজশাহী মহানগর জামায়াত নেতা এমাজ উদ্দিন, রাবি শাখা শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৬৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪/৫শ' শিবির নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
শিবির নেতা শরীফুজ্জামান নোমানী নিহতের ঘটনায় ১৩ মার্চ শিবিরের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলদ ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেন মুনসহ ২৭ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ৪/৫ শ' জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান জানান, "এ ছয় মামলার তদন্তকারী কর্মকর্তারা তদন্ত কাজ শুরু করেছেন। নতুন করে আর কেউ গ্রেপ্তার হয়নি।"
এদিকে ১২ মার্চ ছাত্রলীগের দায়ের করা মামলায় আটক ৬৮ শিবির কর্মীর মধ্যে ৪৪ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদের পর শেষে ছেড়ে দেওয়া হয়।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২০ ঘ.
bdnews24