২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে সংঘর্ষে জড়িতদের শাস্তি দাবি প্রগতিশীল শিক্ষক সমাজের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 03:43 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। শনিবার শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির সভা শেষে সংগঠনের আহবায়ক অধ্যাপক ড. মোজাফ্ফর আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে দুটি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ এবং একজন ছাত্রের নিহত হওয়ার ঘটনাকে অনভিপ্রেত বলে অভিহিত করা হয়। পুলিশ প্রশাসন সঠিক সময়ে যথাযথ ভূমিকা পালন করলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হওয়ার মত দুঃখজনক ঘটনা এড়ানো যেত বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। প্রগতিশীল শিক্ষক সমাজ দাবি করেছে-যে কোন জাতীয় দিবসের আগে একটি মহল ষড়যন্ত্র ও সন্ত্রাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়। একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে। কোন বিশেষ মহলের ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে ক্যাম্পাস বন্ধ থাকুক তা শিক্ষক সমাজ আশা করে না। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই সহযোগিতা চান তারা। শুক্রবার ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষে রাবি শাখা শিবিরের সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানী নিহত এবং পুলিশ, ব্যবসায়ী, সাংবাদিকসহ উভয় সংগঠনের শতাধিক আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৯ ঘ.