রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নোমানী নিহত হওয়ার ঘটনায় ছাত্রলীগের সভাপতিসহ ২৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলম শনিবার বিকেলে নগরীর মতিহার থানায় মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন- রাবি শাখা ছাত্রলীগ সভাপতি ইব্রাহীম হোসেন মুন, আইন বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান রনি, সাংস্কৃতিক সম্পাদক আউয়াল কবীর জয়, কর্মী দ্বীপায়ন সরকার দ্বীপ, সৌরভ, রকি, মইন, জাকারিয়া, জিয়া, সবুজ, আল-আমিন, ফয়সাল, শরীফ, শহীদ, তবারক, কাফাতুল্লাহ, মোশাররফ হোসেন, ইমরান, মামুন, জুয়েল, অনিক, আব্বাস আলী, শামীম, সাহাঙ্গীর, জামাল উদ্দিন, শান্ত এবং সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন আনার।
মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন শুক্রবার সকাল ১০টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা বাদি ফরহাদ আলমকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের পশ্চিম-৬ নম্বর কক্ষ থেকে ডেকে পূর্ব-১১ নম্বর কক্ষে নিয়ে যায়। সেখানে অন্য শিবির কর্মীদের আসামি আউয়াল কবীর জয় ও আওয়ামী লীগ নেতা আনার অকথ্য ভাষায় গালাগাল করেন।
খবর পেয়ে সাড়ে ১১টার দিকে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নোমানী, কর্মী মাহবুব, আবু রায়হান, শফিকুল ইসলাম, জিন্নাহ এবং আশরাফ তাদের উদ্ধার করতে আসেন। তখন ছাত্রলীগ নেতাকর্মীরা তাদেরকে টেনে-হিচড়ে হলের পূর্ব দিকে নিয়ে যায়। এ সময় জয় ওদের খুন করার নির্দেশ দেন। এর পর রনি ও দ্বীপ নোমানীর ওপর হামলা চালায়। দ্বীপ চাপাতি দিয়ে তার মাথায় কোপ দেয়। নোমানী ডান হাত দিয়ে আঘাত ঠেকানোর চেষ্টা করলে তার হাতের বৃদ্ধাঙ্গুলি বিচ্ছিন্ন হয়ে যায়।
এক পর্যায়ে নোমানী মাটিতে লুটিয়ে পড়লে অন্য আসামিরা তাকে উপুর্যপরি আঘাত করেন। এ সময় প্রাণ বাঁচাতে বাদিসহ অন্যরা পালিয়ে যান।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান মামলা দায়েরের সত্যতা স্বীকার করেন।
তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় আসামিদের পাওয়া যাচ্ছে না। শনিবার সন্ধ্যা পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার হয়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
এদিকে, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান প্রক্টরিয়াল বডি, হল প্রাধ্যক্ষ, জেলা ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে রাজশাহী জেলা প্রশাসক শেফাউল করিম, মহানগর পুলিশ কমিশনার মাহবুব মহসিন, উপ-পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান, মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার এম কে জাহাঙ্গীরসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে জেলা প্রশাসক শেফাউল করিম সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। শিগগিরই বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে পুলিশ প্রশাসনের সহযোগিতা থাকবে বলে তিনি জানান।
অপরদিকে, শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০২ ঘ.
bdnews24