রাজশাহী, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষে শিবির নেতা নিহত হওয়ার পর শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে শনিবার রাজশাহী মহানগরীর আরও পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের শনিবার দুপুর ১২টা থেকে বিকেলের সাড়ে ৫টার মধ্যে এবং ছাত্রীদের রোববার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরকারি দল আওয়ামী লীগ সমর্থক ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামী সমর্থক ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নোমানী নিহত হন। আহত হন পুলিশ, সাংবাদিক, স্থানীয় ব্যবসায়ীসহ উভয় সংগঠনের শতাধিক নেতাকর্মী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
শনিবার বন্ধ ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হল- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী সিটি কলেজ, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এবং রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (প্যারামেডিকেল)।
রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. ফজলুল বারী সাংবাদিকদের জানান, দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা কমিটির বৈঠকে রাবির ঘটনা পর্যালোচনা করে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।
ছাত্রদের শনিবার বিকেল সাড়ে ৫টা ও ছাত্রীদের রোববার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
সভায় উপাচার্য ছাড়া ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ড. মর্ত্তুজা আলী, পরীক্ষা নিয়ন্ত্রক, ডিন, বিভাগীয় প্রধান এবং হল প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদা পারভীন জানান, সকালে কলেজের জরুরি বৈঠকে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জয়নাল আবেদিন জানান, ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিভিন্ বিভাগের পরীক্ষা যথারীতি চলবে। এছাড়া শিক্ষার্থীদের বিকেল পাঁচটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া রাজশাহী সিটি কলেজ এবং প্যারামেডিকেলের পৃথক জরুরি বৈঠকে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের বিকেলের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক শেফাউল করিম সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠানগুলোর প্রশাসন বেঠক করে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৩ ঘ.
bdnews24