জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন ভবনের পশ্চিম পাশ থেকে বুধবার সন্ধ্যায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।
ধারণা করা হচ্ছে, সোমবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় 'ক্যাডার' সিরাজুল ইসলাম সুমন যে অস্ত্রটি নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছিলেন এটি সেই শটগান।
এদিকে, মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার হওয়া সুমনের চারদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাতটার দিকে আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে শটগানটি উদ্ধার করে।
এসময় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, "রসায়ন ভবনের পশ্চিম পাশে অস্ত্রটি লুকিয়ে রাখা হয়েছে- জানতে পেরে পুরো এলাকায় আমরা অভিযান শুরু করি। এক পর্যায়ে সেখান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।"
"আমাদের ধারণা, কয়েকটি সংবাদপত্রে যে অস্ত্রের ছবি ছাপা হয়েছে এটিই সেই অস্ত্র", বলেন তিনি।
পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম আরো জানান, গ্রেপ্তার করা ছাত্রলীগ ক্যাডার সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২১৩৬ঘ.
bdnews24