২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ বিলোপের পরিপত্র স্থগিত

নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ বিলোপের সরকারি ঘোষণার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 03:38 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ বিলোপের সরকারি ঘোষণার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত সরকারি পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে কুষ্টিয়ার কুমারখালীর গোপালপুর ও মঠপাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসলেম উদ্দিন ও প্রবীর কুমার শিকদারের দায়ের করা পৃথক রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আবদুল হাইয়ের বেঞ্চ এই আদেশ দেন। পাশাপাশি আদালত এই পরিপত্রকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে শিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা মহাপরিচালক, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা উপসচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব, সভাপতি মটপাড়া নিবন্ধিত বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও গোপালপুর নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিকে আগামী ছয় সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত বছরের ১৪ জুলাই জারি করা শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয় নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে প্রধান শিক্ষকের কোন পদ থাকবে না।। সব শিক্ষকই সহকারী শিক্ষক হিসেবে বিবেচিত হবেন। সহকারী শিক্ষকদের মধ্য থেকে যোগ্যতম ব্যক্তিকে প্রধান শিক্ষক পদে নিয়োগ করা হবে। রিট আবেদনে বলা হয়, এই পরিপত্রের পরিপ্রেক্ষিতে বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পদচ্যুত করা হয়। সেসব পদে নতুন প্রধান শিক্ষক নিয়োগ করা হয়। রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার সৈয়দ হাছীনুল আবেদীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এসকে/২১৩৭ঘ.