২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীর ১৩৭, নীলফামারীর ছয় মাদ্রাসা-পরীক্ষার্থী প্রবেশপত্র পায়নি

রাজবাড়ীর পাংশা উপজেলার সূর্যদিয়া দাখিল মাদ্রাসার ১৩৭ জন পরীক্ষার্থী প্রবেশপত্র পায়নি। রোববার সকালে পরীক্ষা কেন্দ্রে এসে তারা বিক্ষোভ করে। পরে বিশেষ ব্যবস্থায় তাদের পরীক্ষা নেওয়া হয়। কিন্তু নীলফামারীর সদর উপজেলার বাহালিপাড়া দাখিল মাদ্রাসার ছয় পরীক্ষার্থী পরীক্ষাই দিতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2009, 02:14 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ীর পাংশা উপজেলার সূর্যদিয়া দাখিল মাদ্রাসার ১৩৭ জন পরীক্ষার্থী প্রবেশপত্র পায়নি। রোববার সকালে পরীক্ষা কেন্দ্রে এসে তারা বিক্ষোভ করে। পরে বিশেষ ব্যবস্থায় তাদের পরীক্ষা নেওয়া হয়। কিন্তু নীলফামারীর সদর উপজেলার বাহালিপাড়া দাখিল মাদ্রাসার ছয় পরীক্ষার্থী পরীক্ষাই দিতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: রাজবাড়ী: প্রবেশপত্র না পাওয়া সূর্যদিয়া দাখিল মাদ্রাসার ১৩৭ জন পরীক্ষার্থী সকালে পরীক্ষা কেন্দ্র পাংশা সিদ্দিকীয়া মাদ্রাসায় বিক্ষোভ করে এবং তাদের মাদ্রাসার এক শিক্ষককে লাঞ্ছিত করে। স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের হস্তক্ষেপে এক ঘণ্টা ২০ মিনিট পর বিশেষ ব্যবস্থায় তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়। কেন্দ্র সচিব পাংশা সিদ্দিকীয়া মাদ্রাসা সুপার নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছর দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য সূর্যদিয়া দাখিল মাদ্রাসার ১৯০ জন ছাত্র ফি জমা দেয় মাদ্রাসা সুপার আব্দুল মালেকের কাছে। কিন্তিু পরীক্ষার দিন পর্যন্ত মাত্র ৫৩ জন ছাত্র প্রবেশপত্র পায়। বাকি ১৩৭ জন পায়নি। পরীক্ষার কেন্দ্রে গিয়ে এই ১৩৭ পরীক্ষার্থী বিক্ষোভ শুরু করলে স্থানীয় সংসদ সদস্য জিল্লুল হাকিম ঘটনাস্থলে এসে বিষয়টি নিয়ে বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা শুরুর এক ঘণ্টা ২০ মিনিট পর বিশেষ ব্যবস্থায় তাদের পরীক্ষা নেওয়া হয়। এ ব্যাপারে সাংসদ জিল্লুল হাকিম বলেন, "আসলে ব্যাপারটা আমারই মাথায় আসছে না। তবে আমি এ ব্যাপারে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আশ্বাস দিয়েছেন ওই শিক্ষার্থীদের জন্য কিছু করা যায় কি না দেখবেন।" বোর্ডের কোন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন তা তিনি জানাননি। কেন্দ্রে দায়িত্বরত পাংশা থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান আসাদ বলেন, "উত্তেজিত ছাত্ররা আবু জাফর নামে সূর্যদিয়া দাখিল মাদ্রাসার এক শিক্ষককে লাঞ্ছিত করেছে। পরে পুলিশ গিয়ে তাদের নিবৃত্ত করে।" নীলফামারী: প্রবেশপত্র না পেয়ে সদর উপজেলার বাহালিপাড়া দাখিল মাদ্রাসার ছয় ছাত্র-ছাত্রী পরীক্ষা দিতে পারেনি। নীলফামারী টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা কেন্দ্রে এসেও প্রবেশপত্র না পেয়ে তারা সংজ্ঞা হারান। এ ছয় পরীক্ষার্থী হল- কাজল হোসেন, রাজিয়া আখতার, সুমি আখতার, আইরিন, তাজিন বেগম ও বুলবুলি বেগম। পরে তাদের নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। কেন্দ্র সচিব মুহাম্মদ সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ছয়জন পরীক্ষার্থী গত শনিবার প্রবেশপত্রের জন্য মাদ্রাসা সুপার রাইজ উদ্দিন খন্দকারের কাছে গেলে তাদের কেন্দ্র থেকে প্রবেশপত্র দেওয়া হবে বলে জানান। তিনি বলেন, "আজ (রোববার) তারা কেন্দ্রে এসে প্রবেশপত্র না পেয়ে সংজ্ঞা হারিয়ে ফেলে। তাৎক্ষণিকভাবে তাদের আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।" সুপার রাইজ উদ্দিন খন্দকার পলাতক রয়েছেন বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১১ ঘ.