ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)-বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে গোলাগুলির প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হল ত্যাগ করা শুরু করেছে। এরই মধ্যে দুটি হলের ছাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে সব পরীক্ষাও। বৃহস্পতিবার কোন ক্লাস হয়নি বিশ্ববিদ্যালয়ে।
এরই মধ্যে বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ৮৫০ ছাত্রীকে শামসুন্নাহার ও রোকেয়া হলে সরিয়ে নেয়া হয়েছে।
আমাদের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জানান, বিডিআর সদরদপ্তর এলাকা থেকে তিন কিলোমিটার দূরে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে একটি বেসরকারি টেলিভিশনে খবর প্রচারের পর ছাত্র-ছাত্রীরা হল ত্যাগ করা শুরু করে।
কার্জন হলের সহকারি প্রক্টোর সহযোগী অধ্যাপক হাফিজুর রহমান কার্জন ছাত্রীদের সরিয়ে নেয়ার কথা স্বীকার করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই দুই হলের ছাত্রীরা শামসুন্নাহার ও রোকেয়া হলেই থাকবে বলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী জানান, শনিবার পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
সারাদিনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি ছিল কম। শিক্ষার্থীদের উপস্থিতিও বলতে গেলে ছিল না।
বিডিনিউজ ২৪ ডটকম/জেএফ/টিআর/১৭৫৩ঘ.
bdnews24