২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনে শিক্ষামন্ত্রীর প্রত্যয়

আগামী ১৫ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পূর্ন নকলমুক্ত পরিবেশে আয়োজনের জন্য শিক্ষামন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 09:43 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৫ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পূর্ন নকলমুক্ত পরিবেশে আয়োজনের জন্য শিক্ষামন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেছেন। ২৫ মে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলেও তিনি জানান। এবার মাদ্রাসা ও কারিগরীসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৬৩ হাজার ৪৮৪ জন। এর মধ্যে ছাত্র রয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৪৪৪ এবং ছাত্রীর সংখ্যা ৫ লাখ ৫ হাজার ৪০ জন। পরীক্ষার্থীর সংখ্যা এবার গতবারের চেয়ে এবার ৫০ হাজার ১৮৩ জন বেশি। গতবার মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ১৩ হাজার ৩০১ জন। শিক্ষা মন্ত্রণালয়ে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, "আমি দৃঢ়ভাবে বলতে চাই, এবার এসএসসি ও সমমানের পরীক্ষার পরিবেশ থাকবে সম্পুর্ণ নকলমুক্ত। ছাত্র শিক্ষক ও কর্মকর্তাদের যে কোন ধরণের অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে। এজন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এরই দেওয়া হয়েছে।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে স্থানীয় সাংসদদের সহযোগিতা নেওয়া যাবে। কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করা হবে না। একই সঙ্গে সাংসদদের সঙ্গে অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না।" সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সাংবাদিকসহ সবার সহযোগিতাও কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান জানান, "পরীক্ষার সময় বিদ্যুৎ সরবরাহ চালু রাখার জন্য বিদ্যুৎ সচিবের সঙ্গে আলোচনা হয়েছে।" আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা আট লাখ এক হাজার ৭০৯ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৮৬ হাজার ৭১৮ জন। কারিগরী বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ৭৫ হাজার ৫৭ জন। দিনাজপুর বোর্ডের অধীনে এবার প্রথমবারের মত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, দুই লাখ ৪০ হাজার ১৯৮ জন। আর সবচেয়ে কম পরীক্ষার্থী সিলেট বোর্ডে, ৩৭ হাজার ৫৪৪ জন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত শিক্ষা সচিব মোজাম্মেল হক খানসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এফএফ/টিআর/১৫২০ঘ.