খুলনা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার খালিশপুরে রোববার সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত অর্ধশতাধিক ছাত্র আহত হয়েছে। (আরও তথ্যসহ)
এ ঘটনার পর ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রেফার্ড পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবিতে ছাত্ররা রোববার সকাল ১০টার দিকে বিক্ষোভ শুরু করে। এ সময় বিক্ষুদ্ধ ছাত্ররা ইনস্টিটিউটের শ্রেণীকক্ষ, অধ্যক্ষের কক্ষ ও ছাত্রাবাস ভাঙচুর করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে গেলে ইনস্টিটিউট ক্যাম্পাস ও আশেপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। চারঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ব্যাপক ভাংচুর, রাজপথ অবরোধ এবং টিয়ার সেল নিক্ষেপের ঘটনা ঘটে।
ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৫০ রাউন্ডের বেশি কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
আহতদের মধ্যে আছেন- পুলিশের পরিদর্শক কামাল উদ্দিন, কনস্টেবল শামসুল ইসলাম এবং শিক্ষার্থী সালাহউদ্দিন টিপু, তানজির ইসলাম, সাকিব, লিংকন, মুরাদ, টিপু, নয়ন, মাসুদ, ইমরান বিশ্বাস, তারিকুল ইসলাম, সোহাগ, জব্বার, সঞ্চীব, টুটুল, রিফাত, রেজাউর করিম। বাকিদের নাম জানা যায়নি।
আহতরা স্থানীয় ক্লিনিক ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুমারেশ চন্দ্র পাল সাংবাদিকদের জানান, নতুন নীতিমালা অনুযায়ী কোনো ছাত্র-ছাত্রী ২য়, ৪র্থ, ও ৬ষ্ঠ পর্বে সমাপনী পরীক্ষায় কোনো বিষয়ে অকৃতকার্য হলে পরপর সর্বোচ্চ দু'বারে পর্ব সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে। দু'বার এ সুযোগ গ্রহণ করে অকৃতকার্য হলে সেই ছাত্র-ছাত্রী অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে বিবেচিত হবে।
এই নীতিমালা সম্পর্কিত বিজ্ঞপ্তি রোববার সকালে কলেজের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়। সাধারণ ছাত্ররা এই বিজ্ঞপ্তি দেখে বিক্ষুদ্ধ হয়ে ওঠে এবং পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
অধ্যক্ষ বলেন, "সংঘর্ষ চলা অবস্থায় ইনস্টিটিউট কর্তৃপক্ষ এক বৈঠক করে রোববার দুপুর ১২টার মধ্যে আবাসিক হলের ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয়। তবে পূর্ব ঘোষিত পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।"
কলেজের ইলেক্ট্রিক্যাল বিভাগের সপ্তম পর্বের ছাত্র লিংকন অভিযোগ করেন, শিক্ষা কার্যক্রমের পরিপন্থী নীতিমালা কলেজ নোটিশ বোর্ডে দেখে তারা হতবাক ও ক্ষুদ্ধ হন। পরবর্তীতে ধীরে ধীরে কলেজ ক্যাম্পাসে ছাত্ররা সমবেত হয়। এক পর্যায়ে সকাল ১০ টার দিকে সাধারন ছাত্ররা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে এবং রেফার্ড পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবি জানিয়ে শ্লোগান দিতে শুরু করে।
এ সময় পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ছাত্ররা পিছু হটে গিয়ে কলেজের খানজাহান আলী হলের ভিতর আশ্রয় নেয় এবং হলের মূল গেটে তালা লাগিয়ে দেয়।
খুলনা মহানগর পুলিশের সহাকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম জানান, ছাত্ররা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে জিপিও মোড়, বৈকালী বাজার, জংশন রোড ও বিভাগীয় স্টেডিয়ামের সামনে অবস্থান নিয়ে পুলিশের প্রতি বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করে। ছাত্ররা তিনটি ট্রাক এবং বৈকালী পুলিশ বক্স ও স্থানীয় ওয়ার্ড জাতীয় পার্টির কার্যালয় ভাংচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কলেজের একাডেমিক ভবনে অবস্থান নিয়ে ছাত্রদের প্রতি টিয়ার সেল ও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ এবং মৃদু লাঠিচার্জ করে বলেও জানান তিনি।
তিনি বলেন, "এ সময় খুলনা-খালিশপুর সড়কে যানবাহন চলাচল ও এলাকার দোকান পাট বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।"
ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিকেল পৌনে ৫টার দিকে বলেন, "অধিকাংশ ছাত্রই হল ত্যাগ করেছে। ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।"
বেলা ২টায় পুলিশ প্রশাসনের সঙ্গে ইনস্টিটিউট কর্তৃপক্ষের বৈঠক হয় বলেও জানান অধ্যক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৯ ঘ.
bdnews24