২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার রাবির ভারপ্রাপ্ত উপাচার্যের পদত্যাগ

প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামত পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 02:02 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামত পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে ড. মামনুনুল কেরামত ভারপ্রাপ্ত উপাচার্য এবং সেই সঙ্গে উপ-উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে ফ্যাক্সযোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ শাফি উপাচার্যের পদত্যাগপত্র জমা দেওয়ার সত্যতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। তবে ড. মামনুনুল কেরামত এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। গত ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এনামুল হকসহ প্রক্টরিয়াল বডির সব সদস্য এবং এর দু'দিন পর ছাত্র উপদেষ্টা অধ্যাপক ফরিদুল ইসলাম পিন্টু পদত্যাগ করেন। গত বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্য্যালয়ের ইন্সটিটিউট অব বাংলাদেশ স্ট্যাডিজ (আইবিএস)-এর পরিচালক পদে জামায়াতপন্থী এক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ ভারপ্রাপ্ত উপাচার্যকে পদত্যাগের জন্য সময়সীমা বেঁধে দেয়। এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠন বিএনপিপন্থী হিসেবে পরিচিত ভারপ্রাপ্ত উপাচার্যের পদত্যাগ দাবি করে আসছিল। গত বছর ১৫ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আলতাফ হোসেনকে অপসারণ করে উপ-উপচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামতকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এদিকে, উপাচার্য পদত্যাগ করায় তাৎক্ষণিকভাবে সন্তোষ প্রকাশ করেছেন রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন। অবিলম্বে নতুন উপাচার্য নিয়োগ এবং পদত্যাগকারী উপাচার্যের বিভিন্ন অনিয়ম-দূনীতি তদন্তের জন্য সরকারের কাছে দাবি জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০২ ঘ.