২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইবিএস'র পরিচালক নিয়োগ নিয়ে রাবি উপাচার্য দপ্তর ঘেরাও

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বাংলাদেশ স্ট্যাডিজ (আইবিএস)-এর পরিচালক পদে জামায়াতপন্থী অধ্যাপক জয়নাল আবেদিনের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার প্রগতিশীল শিক্ষক সমাজের শিক্ষকরা উপাচার্যের দপ্তর এক ঘন্টার জন্য ঘেরাও করে রাখেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ০৫, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বাংলাদেশ স্ট্যাডিজ (আইবিএস)-এর পরিচালক পদে জামায়াতপন্থী অধ্যাপক জয়নাল আবেদিনের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার প্রগতিশীল শিক্ষক সমাজের শিক্ষকরা উপাচার্যের দপ্তর এক ঘন্টার জন্য ঘেরাও করে রাখেন। পরে উপাচার্য সকলের সঙ্গে আলোচনা করে আইবিএস-এর পরিচালক নিয়োগের ব্যাপারে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে বেলা ১১টার দিকে শিক্ষকরা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেন। শিক্ষকরা উপাচার্যের দপ্তর ঘেরাও করেন সকাল ১০টায়। তাঁরা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের নিয়োগ বন্ধসহ বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্যের পদত্যাগও দাবি করেন। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক ড. মোজাফ্ফর হোসেন জানান, শিক্ষক সমাজের ব্যানারে শতাধিক শিক্ষক জানুয়ারিতে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামতের সঙ্গে সাক্ষাৎ করে নিয়মিত কাজের বাইরে অন্য কাজ না করার জন্য তাঁকে অনুরোধ করেন। তিনি জানান, উপাচার্য অনুরোধ রক্ষা করার কথা দিলেও বুধবার আইবিএস-এর পরিচালক পদে জামায়াতপন্থী অধ্যাপক জয়নাল আবেদিনের নিয়োগ চুড়ান্ত করার উদ্যোগ নেন। একথা ছড়িয়ে পড়লে প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে অর্ধ শতাধিক শিক্ষক বৃহস্পতিবার সকাল ১০টায় উপাচার্যের দপ্তর ঘেরাও করেন। এ সময় বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ শাফি ও কোষাধ্যক্ষ মোজাম্মেল হকও অবরুদ্ধ হয়ে পড়েন। এর আগে শিক্ষকরা রাবিতে সকল নিয়োগ বন্ধ রেখে শুধুমাত্র নিয়মিত কাজ চালিয়ে যাওয়ার জন্য উপাচার্যকে অনুরোধ করেন। উপাচার্য এতে রাজি না হওয়ায় শিক্ষকদের সঙ্গে তাঁর তীব্র বাকবিতান্ডা শুরু হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে শিক্ষকরা উপাচার্যকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের চুড়ান্ত সময়সীমা বেধে দেন। অধ্যাপক মোজাফ্ফর হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চালানোর জন্য অবিলম্বে নতুন উপাচার্য নিয়োগ দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। উপাচার্যের দপ্তর ঘেরাও কর্মসূচিতে অধ্যাপক এম নুরুল্লাহ, আব্দুস সোবাহান, আনন্দ কুমার সাহা, চিত্ত রঞ্জন মিশ্র, আবুল কাশেম, জালাল উদ্দিন, শফিকুন্নবী সামাদী, এসএম আবু বকর, জান্নাতুল ফেরদৌস, শামসুদ্দিন ইলিয়াস, গোলাম সাব্বির সাত্তার তাপু, ফায়েকউজ্জামান, তারেক নূর, হাসিবুল আলম প্রধানসহ অর্ধ শতাধিক শিক্ষক অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১৫২ঘ.