২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ধরে নিয়ে গিয়ে ছাত্রদল কর্মীর ওপর নির্যাতন

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক কর্মীকে বৃহস্পতিবার দুপুরে নিজ আবাসিক হলের সামনে থেকে ধরে নিয়ে গিয়ে ছাত্রলীগ কর্মীরা তার ওপর নির্যাতন চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 03:33 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক কর্মীকে বৃহস্পতিবার দুপুরে নিজ আবাসিক হলের সামনে থেকে ধরে নিয়ে গিয়ে ছাত্রলীগ কর্মীরা তার ওপর নির্যাতন চালিয়েছে। নির্যাতনের শিকার সাগর ভৌমিক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ হাবিবুর রহমান হলের সামনে থেকে তরিকুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের ৭/৮ জনের একটি সশস্ত্র দল তাকে ক্যাম্পাসে ছাত্রলীগের টেন্টে নিয়ে যাবার কথা বলে রিক্সায় উঠতে বাধ্য করে। এ সময় সাগরের বন্ধু দুরুল হুদা বাঁধা দিলে অপহরণকারীরা তাকেও লাঞ্ছিত করে। ছাত্রলীগ কর্মীরা সাগরকে নগরীর মিজানের মোড়ের একটি বাড়ি নিয়ে যায় এবং তার ওপর নির্যাতন চালায়। পরে আহত সাগর ক্যাম্পাসে ফিরে এসে ঘটনার কথা তার বন্ধু ও ছাত্রদল নেতাকর্মীদের জানান। ছাত্রলীগ রাবি শাখার সভাপতি ইব্রাহীম হোসেন মুন বলেন, অপহরণকারী তরিকুল ছাত্রলীগ কর্মী নন। এরপরও অপহরণকারীরা যদি ছাত্রলীগের কর্মী হয়ে থাকে তাহলে তাদের ব্যাপারে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মতিহার থানার উপ-পরিদর্শক আকরাম হোসেন জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১০৪ঘ.