ঢাকা, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা বিনাশর্তে প্রত্যাহারের দাবি জানিয়েছে সেখানকার শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে। এ সময় কয়েকদিন আগে ঘোষিত ৮ দফা দাবির কথাও উল্লেখ করা হয়।
'জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল উদ্ধার এবং ছাত্র অধিকার রক্ষা অন্দোলন' এর ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহবায়ক বকুল মুন্সী। পরবর্তী কর্মসূচী হিসেবে ৮ ফেব্র"য়ারি শহীদ মিনার থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পদযাত্রা এবং স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন তিনি।
শিক্ষার্থীদের আট দফা দাবি হচ্ছে অবিলম্বে ক্যাম্পাস খুলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, দখলকৃত সকল আবাসিক হল উদ্ধার এবং নতুন হল নির্মাণ, ২৭ (৪) ধারা বাতিল করে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন চালু, পরিবহন সুবিধা, পর্যাপ্ত বই ও প্রযুক্তিগত সুবিধা এবং শারীরিক মানসিক নির্যাতন বিরোধী নীতিমালা প্রণয়ন ও অভিযোগ সেল গঠন করা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৭ (৪) ধারায় বলা হয়েছে, নিজস্ব আর্থিক উৎস এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫ বছর পর সরকারি আর কোন বরাদ্দ দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দাবি করে, এ আইন সম্পূর্ণভাবে পাবলিক বিশ্ববিদ্যালয় ধারণার পরিপন্থী।
গত ২৭ জানুয়ারি হল উদ্ধারে ছাত্রদের আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২১০৫ঘ.
bdnews24