ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ছাত্র ও এলাকাবাসীর মধ্যে বুধবারের সংঘর্ষের পর পরিস্থিতির আরো অবনতির আশঙ্কায় দিনাজপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অধ্যক্ষ হোসনে আরা হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রদের শান্ত রাখার সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর বুধবার রাতেই কলেজ বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন পরীক্ষাগুলো যথারীতি চলবে। অভ্যন্তরীণ সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে আবাসিক ছাত্ররা ছাত্রাবাস ছেড়ে চলে যায়। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পুলিশি-টহল চলছে।
উল্লেখ্য, বুধবার মোটর-সাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে কলেজের ছাত্রদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এতে আহত হয় ১ পুলিশসহ ১৫ জন।
গুরুতর আহত ৩ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএএ/টিআর/১৭২৩ঘ.
bdnews24