কক্সবাজার, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা বইয়ের পর্যাপ্ত সরবরাহ না পাওয়ার প্রতিবাদে কক্সবাজার জেলার সকল বইয়ের দোকান বুধবার পুরোদিন বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কক্সবাজার জেলা শাখার আহ্বানে জেলার ১০৫টি বইয়ের দোকান এ কর্মসূচি পালন করে।
সমিতি সকাল ১১টায় জেলা প্রশাসককে এ বিষয়ে একটি স্মারকলিপিও দিয়েছে।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কক্সবাজারে মাধ্যমিক পর্যায়ের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণী এবং মাদ্রাসার দাখিল পর্যায়ে অন্তত ৮০ হাজার বইয়ের চাহিদা রয়েছে। অথচ এখও দুই হাজার বইও পাওয়া যায়নি।
তিনি বলেন, "বই বিক্রেতারা ঢাকায় পাঠ্য বইয়ের জন্য গেলে সরাসরি জানিয়ে দেওয়া হয়, 'বই নাই'। যে কয়েকটা পাওয়া গেছে সেক্ষেত্রে ২০ টাকার বইয়ের দাম দিতে হয়েছে ৩০ টাকা। ছাত্রছাত্রীদের আমরা ফেব্র"য়ারি মাসেও বই দিতে পারছি না।"
তিনি আরও বলেন, "বেশি দামে বই কিনে এনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি বিক্রি করতে গেলেই ক্রেতাদের সঙ্গে আমাদের ঝগড়া হচ্ছে। আমরা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চাই। এ জন্যই একদিন দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানানো হয়েছে।"
সমিতির সভাপতি আরও জানান, দোকান ধর্মঘট চলাকালে বেলা ১১টায় তাদের দাবি তুলে ধরে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে।
তিনি বলেন, "স্মারকলিপিতে উল্লোখযোগ্য দাবির মধ্যে রয়েছে শিক্ষা বোর্ডের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ বই সরবরাহের ব্যবস্থা করা এবং গোয়েন্দা কর্মকর্তাদের হয়রানি বন্ধ করা।"
এ ব্যাপারে জেলা প্রশাসক মনজুর আলম ভূঁঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্মারকলিপি পাওয়ার পর তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।"
তবে এ বিষয়ে জেলা প্রশাসনের কিছুই করার নেই বলে জানান তিনি।
কক্সবাজারের আটটি উপজেলার বিভিন্ন এলাকায় ১০৫টি বইয়ের দোকান রয়েছে। তার মধ্যে কক্সবাজার শহরেই আছে ২২টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২২ ঘ.
bdnews24