রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের এক শিক্ষককে বুধবার দুপুরে মারধর করেছে এক ছাত্রলীগ নেতা।
আহত শিক্ষক অনুপম হীরা মণ্ডলকে বাম চোখে আঘাতের জন্য প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ এমদাদ নামের এমবিএ দ্বিতীয় সেমিস্টারের ওই ছাত্রকে গ্রেপ্তার করেছে।
ঘটনার প্রতিবাদে এবং এমদাদের ছাত্রত্ব বাতিলের দাবিতে ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা বৃহস্পতিবার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে।
ওই বিভাগের শিক্ষার্থী আলী আজগড় খোকন ও রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বেলা ১২টার দিকে হেমানী বিশ্বাস নামের এক শিক্ষার্থী ব্যবস্থাপনা বিভাগে বিবিএ প্রথম সেমিস্টারে ভর্তি হতে এলে একই বিভাগের এমবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ও ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক এমদাদ হোসেন তার কাগজপত্র কেড়ে নেয়। ৩০ হাজার টাকা না দিলে কাগজ দেওয়া হবে না বলে জানায়।
বিষয়টি হেমানী পরিচিত শিক্ষক অনুপম হীরা মণ্ডলকে জাালে তিনি ঘটনাস্থলে গিয়ে এর কারণ জানতে চান। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে এমদাদ তাকে মারধর করে।
এই ঘটনার প্রতিবাদে বিভাগের শিক্ষার্থীরা দুুপুর তিনটায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।
মিছিল শেষে আলী আজগড় খোকন বলেন, "দোষী ছাত্রলীগ নেতার শাস্তি না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকাল ধর্মঘট পালন করা হবে।"
অনুপম হীরা মণ্ডল সাংবাদিকদের বলেন, চাঁদা নেওয়ার জন্য এমদাদ ওই শিক্ষার্থীর ভর্তির কাগজপত্র কেড়ে নেয়। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তাকে মারধর করে।
এ বিষয়ে বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হয়েছে জানিয়ে বিভাগের সভাপতি ড. শহিদুর রহমান বলেন, "দোষী ছাত্রলীগ নেতার ছাত্রত্ব বাতিল না হওয়া পর্যন্ত বিভাগের একাডেমিক কর্মকাণ্ড বন্ধ থাকবে।"
রাবি শাখা ছাত্রলীগ সভাপতি ইব্রাহীম হোসেন মুন বলেন, ব্যক্তিগত কারণে ঘটনাটি ঘটেছে। এর সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। তবে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, এমদাদ থানায় আটক রয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯২০ ঘ.
bdnews24