মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষ স্থান অধিকারী তিন শিক্ষার্থীকে ক্রেস্ট দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ৬ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট দেওয়া হবে।
বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফলাফলে পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
মঙ্গলবার দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণের হার ৮৮ দশমিক ৮৪ শতাংশ।
পরীক্ষায় প্রথম হয়েছে নরসিংদীর সাদিয়া শিকদার। দ্বিতীয় হয়েছে ঝিনাইদহের দীপান্বীতা তিথি এবং তৃতীয় হয়েছে টাঙ্গাইলের হাসিন তানভীর।
প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পরিচালক আব্দুর রউফ চৌধুরী সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেরা তিন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়ার বিষয়ে প্রস্তাব পাঠানোর পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পাওয়া গেছে। অনুষ্ঠানে তিন শিক্ষার্থীকে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে সেরা স্কুল, শিক্ষক, কর্মকর্তাসহ নানা বিভাগে ৪২ জনকে পদক দেওয়া হবে।
মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন সচিবালয়ে ফলাফল ঘোষণার সময় জানান, এবারের ফলাফলে সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হবে। এছাড়া মেধা তালিকায় শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোকে বিভাগীয় পর্যায়ে পুরস্কৃত করার পরিকল্পনাও রয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক পর্যায়ের শিক্ষাদানে শিক্ষকদের আরো দক্ষ করে তুলতে বিদেশে প্রশিক্ষণের পরিকল্পনাও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৫২৪ ঘ.
bdnews24