ফরিদপুর, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত শিক্ষানীতির আলোকে কেউ কেউ মাদ্রাসা শিক্ষা বন্ধ করা হবে বলে যে আশঙ্কা প্রকাশ করেছেন, তাদের আবারো আশ্বস্ত করে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, মাদ্রাসা বা কর্মভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। তবে এগুলো আরো আধুনিক করা হবে।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাজেদা চৌধুরী ফরিদপুরের সদরপুর উপজেলায় এক জনসভায় শনিবার প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছিলেন।
সতর্ক করে দিয়ে সাজেদা বলেন, "কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে জঙ্গি প্রশিক্ষণ বা জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
যাদের কারণে 'শহীদদের রক্তভেজা পতাকা যুদ্ধাপরাধী ও রাজাকারের গাড়িতে উড়েছে' তাদেরও বিচারের সম্মুখীন করা হবে বলে জানান তিনি।
সাজেদা বলেন, আগামী বছরের শুরুতে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করার পরই কারাগারে জাতীয় চার নেতা হত্যাকাণ্ডসহ যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করা হবে।
এ সরকার অচিরেই দেশকে বাহাত্তরের সংবিধানে ফিরিয়ে নেবে বলেও উল্লেখ করেন সংসদ উপনেতা।
স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সভায় দলের কৃষ্ণপুর ইউনিয়ন কমিটি সভাপতি হাশেম খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহিলা সাংসদ বেগম সালেহা মোশাররফ, দেলোয়ার হোসেন, ফকির সাত্তার, প্রাণকৃষ্ণ চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২০২৯ঘ.
bdnews24