ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত শিক্ষানীতিতে মাদ্রাসাসহ ধর্মীয় শিক্ষা বহাল রাখার সমালোচনা করে শুক্রবার এক গোলটেবিল বৈঠকে এক ধারার শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের সুপারিশ করা হয়েছে।
তবে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন প্রস্তাবিত শিক্ষানীতির পক্ষে বলেছেন, মাদ্রাসা শিক্ষাকে হঠাৎ করে বাদ দেওয়া যাবে না।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলানায়তনে 'শিক্ষা ও শিক্ষানীতি' শীর্ষক ওই বৈঠকে বিচারপতি গোলাম রব্বানী বলেন, "আমাদের সংবিধানের ৭ অনুচ্ছেদে 'সার্বজনীন' শিক্ষার কথা বলা রয়েছে। কিন্তু সরকার যে শিক্ষানীতির খসড়া তৈরি করেছে, তাতে ধর্মীয় শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে।
"একজন মানুষের ভিত্তি হবে যুক্তিশীলতা, ধর্ম নয়। সংবিধান মতে আমাদের সার্বজনীন শিক্ষা প্রণয়ন করতে হবে।"
তিনি বলেন, "স্বৈরশাসকের ধাক্কায় আমাদের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা সরে গিয়েছে। শিক্ষানীতি প্রণয়নের মাধ্যমে ধর্মনিরপেক্ষতায় ফিরে যাওয়ার ক্ষেত্রে সরকারের মধ্যে ভীতিভাব লক্ষ করা যাচ্ছে।"
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, "এখানে (শিক্ষানীতি) মূলধারার পাশাপাশি ধর্মভিত্তিক ও ইংরেজি মাধ্যমের শিক্ষা ব্যবস্থা রয়েছে। আমাদের দাবি একমুখী ও বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা।"
শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করতে ক্যাডেট কলেজের সঙ্গে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের খরচের সামঞ্জস্য বিধানের পরামর্শও দেন তিনি।
প্রাথমিক শিক্ষাকে আটবছর মেয়াদি করার সুপারিশসহ বেশ কয়েকটি প্রস্তাব রেখে এ বছরই শিক্ষানীতির খসড়া তৈরি করেছে জাতীয় শিক্ষা নীতি কমিটি। এতে ইংরেজি এবং ধর্ম ও নৈতিক শিক্ষাকে তৃতীয় শ্রেণী থেকে বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর আগামী জানুয়ারি থেকে নতুন শিক্ষানীতি কার্যকর হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।
ক্ষমতাসীন মহাজোট শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, "মুলধারার সমন্বয়ে জাতীয় শিক্ষানীতিতে একটি ইউনিফায়েড কারিকুলামের কথা বলা হয়েছে। আগামী জানুয়ারি থেকে এ শিক্ষানীতি চালু করা যেতে পারে।"
তিনি বলেন, "মাদ্রাসা শিক্ষাকে হঠাৎ করে বাদ দেওয়া যাবে না। এটা এতোদিন ধরে রয়েছে। মাদ্রাসা, ইংরেজি, কারিগরিসহ সব ব্যবস্থাকে মূলধারায় সমন্বয়ের চেষ্টা করা হয়েছে।"
'বিশিষ্ট নাগরিকবৃন্দ' আয়োজিত ওই বৈঠকে দেশের ১২টি ক্যাডেট কলেজের শিক্ষা ব্যয় ও পদ্ধতি নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন।
আলোচনার সঞ্চালক সৈয়দ আবুল মকসুদ বলেন, ক্যাডেট কলেজের শিক্ষায় উচ্চ বিনিয়োগ হচ্ছে। কিন্তু সেখান থেকে পাস করে ভালো প্রশাসক, লেখক বা কবি হচ্ছেন- এমন পাওয়া যায় না। তাহলে সেখানে উচ্চ বিনিয়োগের বিষয়টা ভেবে দেখা দরকার।"
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসমিন হক বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর তুলনায় ৪০ গুণ বেশি খরচ হয় ক্যাডেট কলেজের প্রতিটি শিক্ষার্থীর জন্য।
"ক্যাডেট কলেজে শিক্ষা দিয়ে এক ধরনের এলিট তৈরি করা হয়। তাদের শিক্ষার রুলস কী, তাও আমরা জানতে পারি না।"
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, "ক্যাডেট কলেজের কিছু ছাত্রছাত্রীদের জন্য এক ব্যবস্থা আর সারাদেশের ছাত্রছাত্রীদের জন্য আরেক ব্যবস্থা হবে কেন? এছাড়া ক্যাডেট কলেজের শিক্ষা তত্ত্বাবধান করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। শিক্ষা তত্ত্বাবধান করা উচিৎ শুধু শিক্ষা মন্ত্রণালয়েরই।"
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/আরবি/এফএফ/এমআই/১৬৫৫ ঘ.
bdnews24