২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্ছ্বাস আর আনন্দে সমাবর্তন

ক্যাম্পাস জীবনের বর্ণিল সময়ের চূড়ান্ত আয়োজন উপভোগের পাশাপাশি অসংখ্য স্মৃতির ক্যাম্পাস ছাড়ার আবেগে অনেকের চোখেই ছিল আবেগের জল। ছিল উৎসাহ আর উদ্দীপনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2009, 11:24 AM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যাম্পাস জীবনের বর্ণিল সময়ের চূড়ান্ত আয়োজন উপভোগের পাশাপাশি অসংখ্য স্মৃতির ক্যাম্পাস ছাড়ার আবেগে অনেকের চোখেই ছিল আবেগের জল। ছিল উৎসাহ আর উদ্দীপনা। শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণের মধ্যদিয়ে এভাবেই শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৫তম সমাবর্তন। শনিবার সকাল থেকেই সমাবর্তন উপলক্ষে সমাবর্তনে অংশগ্রহনেচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল গোটা ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় প্রবেশের সবগুলো পথে বসানো হয় তোরণ। ক্যাম্পাসজুড়ে গাউন পরা শিক্ষর্থীদের জটল ছিলো চোখে পড়ার মত। সমাবর্তন অংশ নিতে আসা শিক্ষার্থী নাজমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমাবর্তন হলো আনুষ্ঠানিক বিদায়। যেহেতু যে কোন কিছুর শেষ আছে তাই বিশ্ববিদ্যালয় জীবনেরও শেষ হবে। এটাই হচ্ছে চরম বাস্তবতা। তবে জমকালো উৎসবের মাধ্যমে বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটানোর এ অভিজ্ঞতার স্বাদই আলাদা।" "এতে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় জীবনের স্মরণীয় স্মৃতির বহর ষোলকলায় পূর্ণ হলো।" গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্বর্ণপদক জয়ী শিক্ষার্থী ইব্রাহিম বিন হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমাবর্তন শিক্ষা জীবনের ব্যতিক্রমধর্মী একটি অভিজ্ঞতা। অনিয়মিত আয়োজনের কারণে অনেক শিক্ষার্থী এ অভিজ্ঞতা অর্জন করতে পারেন না।" সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থী সোহেল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমাবর্তন উপলক্ষে অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। অনেক মজা হয়েছে। তবে ক্যাম্পাস ছেড়ে যেতে হবে ভেবে খুবই খারাপ লাগছে।" শুধু বিশ্ববিদ্যালয় জীবনের নয় বরং গোটা শিক্ষাজীবনের অর্জন সমাবর্তনের মাধ্যমে মূল্যায়ন হয়েছে বলেও মত দেন তিনি। সমাবর্তন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "আমাদের সমাবর্তন শতভাগ সফল হয়েছে। সমাবর্তন নিয়ে আমাদের সকল পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। শিক্ষার্থীদেরকে আমরা একাটি প্রাণবন্ত সমাবর্তন উপহার দিতে পেরেছি।" সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট ছাড়াও এর অধিভুক্ত ও উপাদানকল্প কলেজ ও ইনস্টিটিউটের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯২৩ সালের ২২ ফেব্র"য়ারি প্রথম সমাবর্তন হয়। ৪৪তম সমাবর্তন হয়েছিলো ২০০৮ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭২৬ঘ.