ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতির প্রস্তুতির সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রোববার মধ্যরাতে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- মো: হান্নান (৩০), বাদল হোসেন (২৯), সুরুজ মিয়া (২৪) ও ইলিয়াস হোসেন (৩২)।
এদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ১২টার দিকে শামসুন্নাহার হলের সামনে থেকে ২টি রড, ৪টি চাপাতি, ৪টি ছোরা, আধা বোতল ক্লোরোফর্ম, ১টি ট্যাক্সিক্যাব ও ১টি প্রাইভেট কারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় এদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটকদের ডাকাত বলে সন্দেহ করা হচ্ছে। তাদের কাছ থেকে পাওয়া অস্ত্রের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এইচএ/২১৪৩ ঘ.
bdnews24