২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি উপাচার্যকে হুমকি: ক্যাম্পাসে মৌন মিছিল, সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার ক্যাম্পাসে মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 04:16 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার ক্যাম্পাসে মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল বের করে। মিছিলটি অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপাচার্যকে হত্যার হুমকির ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মফিজুর রহমান। তিনি বলেন, "এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে খুঁজে বের করতে হবে। জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন তারা পুনরায় এ ধরনের কাজ করার সাহস না পায়।" মফিজুর রহমান দেশের নিরাপত্তা নিশ্চিতে জঙ্গি-মৌলবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরীর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২১২ ঘ.