ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭তম বিসিএস এ প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ১৬৯ জনকে জ্যেষ্ঠতার ভিত্তিতে আগামী তিন মাসের মধ্যে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
তবে দ্বিতীয়বারের মৌখিক পরীক্ষায় উর্ত্তীর্ণদের চাকরি বহাল থাকবে বলে আদালতের আদেশে বলা হয়।
২০০৭ সালের ২১ জানুয়ারি চূড়ান্ত ফল প্রকাশের পর দলীয়করণসহ অনিয়মের অভিযোগ ওঠায় ২৭তম বিসিএসের মৌখিক পরীক্ষার ফল বাতিল করে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নতুন করে মৌখিক পরীক্ষা নিয়ে এর ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। এতে প্রথমবার উত্তীর্ণ ১ হাজার ২২ জন বাদ পড়েন।
তাদের ১৬৯ জনের রিট আবেদনে বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরী ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চ বুধবার নিয়োগের ওই আদেশ দেয়।
রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আব্দুর রব চৌধুুরী। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আকরাম হোসেন চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
রায়ের পর আকরাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের বিষয়ে সরকারি সিদ্ধান্ত পেয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এমআই/১৪১৫ ঘ.
bdnews24