ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় শনিবার সন্ধ্যায় দুটি বাস ও একটি মালবাহী পিকআপ ভাঙচুর করেছে শিক্ষার্থীরা।
বিনা অনুমতিতে ক্যাম্পাসে ঢোকার পরও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি অভিযোগে এগুলো ভাঙচুর করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসের সড়কগুলো দিয়ে সাধারণ গাড়ি চলাচল নিষিদ্ধ হলেও বেপরোয়া চালকরা প্রতিনিয়ত এ নিয়ম ভাঙ্গে। শুক্রবার রাতে এ ব্যাপারে শাহবাগ থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেএম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যার পর ক্যাম্পাসে তিনটি গাড়ি ভাঙচুর হয়েছে। এর মধ্যে দুটি মিনিবাস ও একটি পিকআপ রয়েছে। এসব গাড়ি বিনা অনুমতিতে ক্যাম্পাসে ঢুকেছিলো।"
তবে আইন নিজের হাতে তুলে নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ক্যাম্পাস ধীরে ধীরে গুলিস্তানের মত গাড়ি পার্কিংয়ের জায়গায় পরিণত হচ্ছে মন্তব্য করে প্রক্টর বলেন, "ভবিষ্যতে বিশেষ সরকারি গাড়ি, বিচারকদের গাড়ি, বাংলা একাডেমী. আণবিক শক্তি কমিশন, উদয়ন স্কুল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাড়ি এবং বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া আর কোন গাড়িকেই ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না।"
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বলেন, "শিক্ষার্থীরা যেভাবে ছোট ছোট গাড়ি ভাঙচুর শুরু করেছে, তাতে বিশ্ববিদ্যালয় সিলগালা করে দেওয়ার মত অবস্থা সৃষ্টি হবে।"
পুুলিশ নিয়মিত বহিরাগত গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং শিক্ষার্থীদের অভিযোগ সত্যি নয় বলেও দাবি করেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসএইচ/২২৩৯ ঘ.
bdnews24