মাগুরা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিচালনা কমিটিতে অভিভাবক সদস্য নিয়োগসহ নানা অনিয়মের প্রতিবাদ এবং কমিটির সভাপতির অপসারণের দাবিতে মাগুরার রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার থেকে অনির্দিষ্টাকালের ক্লাস বর্জন কমসূচি শুরু করেছে।
অভিভাবক মাজেদুল বিশ্বাস, আসলাম খান ও রোস্তম আলী অভিযোগ করেন, বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি কাশেম মোল্লা সহকারী শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পরিচালনা পরিষদ গঠনে অযোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
এছাড়াও পরিচালনা কমিটিতে অভিভাবক সদস্য হিসেবে সনৎ কুমার বিশ্বাস নামে একজনকে মনোনয়ন দেওয়া হয়। তার কোনো সন্তান বা পরিবারের সদস্য বিদ্যালয়ে পড়ে না বলে তারা অভিযোগ করেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিভাবক সদস্য নিয়োগসহ বেশকিছু বিষয়ে কাশেম মোল্লার সঙ্গে এলাকার একটি গ্র"পের দ্বন্দ্ব চলছে।"
তিনি অভিযোগ করেন, এই দ্বন্দ্বের জেরে অভিভাবকদের একটি অংশ ছাত্র-ছাত্রীদের উস্কানি দিয়ে এই অবস্থার সৃষ্টি করেছে।
বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেম মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, "আমার বিরুদ্ধে এলাকার একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮০৫ ঘ.
bdnews24